ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এল ছোট আঙারিয়া ও নন্দীগ্রাম। গড়বেতার সভামঞ্চ থেকে এই দুই ঘটনার পুরনো মামলা পুনরায় খোলার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ছোট আঙারিয়া থেকে শুরু করে নন্দীগ্রামে ‘অপারেশন সূর্যোদয়’-এর সময়কার ঘটনাগুলির তদন্ত নতুন করে শুরু করা হবে। নন্দীগ্রাম আন্দোলনের সময়ে গড়বেতার সিপিএম পার্টি অফিস থেকে অস্ত্র সরবরাহের অভিযোগও তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বাম আমলের হিংসার একাধিক ঘটনার তদন্ত কি ফের শুরু হতে চলেছে?
২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। এরপর পাঁচ তৃণমূল কর্মীর নিখোঁজ হওয়ার অভিযোগ সামনে আসে। তাঁদের পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। এই ঘটনায় তৎকালীন বাম নেতা সুশান্ত ঘোষ, তপন ঘোষ ও সুকুর ঘোষের নাম জড়ায়। তদন্তের পর একাধিক গ্রেফতারিও হয়েছিল। ২০০৯ সালে সাক্ষীর অভাবে অভিযুক্তদের খালাস করে আদালত।
আরও খবর : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?
মুখ্যমন্ত্রীর ঘোষণার পালটা জবাব দিয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর বক্তব্য, মামলার বিচার হয়ে গিয়েছে। নতুন করে ফাইল খুলে কী হবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে হাই কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং স্থগিতাদেশ রয়েছে। অন্যদিকে, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, যদি পুরনো মামলা খোলাই হয়, তবে সব ফাইল খোলা হোক।
গড়বেতার সভা থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিমকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, নন্দীগ্রামে ‘রক্তাক্ত সূর্যোদয়’-এর ঘটনায় যাঁরা গড়বেতা থেকে অস্ত্র নিয়ে গিয়েছিলেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না। পালটা সুজনের বক্তব্য, একসময় শুভেন্দু তৃণমূলে থাকাকালীন গড়বেতায় দাঁড়িয়ে লাল পতাকা সরানোর কথা বলেছিলেন। এখন সেই এলাকায় লাল পতাকা রয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবারও বলছি সব মামলা ওপেন করুন। আমরা বুঝে নেব।
