ওয়েব ডেস্ক : বাংলাদেশি সন্দেহে আটক এক মহিলা ও তাঁর দুই সন্তানকে বাংলাদেশে পাঠানো যাবে না। স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। লেবু শেখের স্ত্রী ও দুই সন্তানকে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। তাঁদের বিরুদ্ধে আইন মেনে নির্দিষ্ট অভিযোগ দায়ের করতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুনরায় মুখার্জির অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
বুধবার মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী অনিন্দ্য ঘোষ জানান, গত ২১ অক্টোবর লেবু শেখের স্ত্রী ও দুই সন্তান কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন। তাঁদের কাছে ভারতীয় পাসপোর্ট ও ভিসা ছিল বলে দাবি করেন তিনি। দুই সন্তানের জন্ম ভারতে। তাঁদের জন্মের শংসাপত্রও রয়েছে। কিন্তু ইমিগ্রেশন বিভাগ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে। ওই দিনই তাঁদের দিনহাটা পুরসভার ‘আপন ঘর’ ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। পরিবারের সদস্যরা ২৮ অক্টোবর বিষয়টি জানতে পারেন বলে আদালতে জানান আইনজীবী।
আরও খবর : পঞ্চায়েত দফতরে ৭১৯০ নিয়োগের ঘোষণা, নিউটাউনে তৈরি হবে নতুন দফতর
আবেদনকারীর আইনজীবীর আরও অভিযোগ, কোনও মামলা দায়ের না করেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। নিম্ন আদালতেও পেশ করা হয়নি। বারবার বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতে জানান, ওই মহিলা বাংলাদেশের নাগরিক। লেবু শেখকে বিয়ে করে ভারতে এসেছেন তিনি। তাঁর পাসপোর্ট ও ভিসা প্রাথমিক তদন্তে জাল বলে সন্দেহ করা হচ্ছে। পাল্টা আবেদনকারীর আইনজীবী বিয়ের শংসাপত্র আদালতে পেশ করেন।
শুনানিতে রাজ্যের আইনজীবীর কাছে পাসপোর্ট ও ভিসা জাল কি না, তা জানতে চান বিচারপতি অর্জুনরায় মুখার্জি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানতে চান, মামলা দায়ের না করে কেন তাঁদের আটকে রাখা হয়েছে। এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি রাজ্য বলে আদালতে দাবি করা হয়েছে। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, লেবু শেখের স্ত্রী ও দুই সন্তানকে কোনওভাবেই বাংলাদেশে পুশব্যাক করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। আইন মেনে বিচার প্রক্রিয়া চালাতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। পুজোর অবকাশের পর রাজ্যকে নিয়মিত বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
