বক্সার বাঘিনীকে ফেরাতে অসমে বনমন্ত্রী, রাইমোনায় বন আধিকারিকদের সঙ্গে বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক : বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল ছেড়ে অসমের রাইমোনা ন্যাশনাল পার্কে চলে যাওয়া বাঘিনীকে (Tigress) ফিরিয়ে আনতে তৎপর রাজ্যের বনদফতর। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং অসম (Assam) সরকারের সঙ্গে আলোচনা করতে শনিবার অসমের রাইমোনা ন্যাশনাল পার্কে পৌঁছলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। সেখানে অসম বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। তাঁর সঙ্গে বক্সা টাইগার রিজার্ভের একাধিক বন আধিকারিকও রয়েছেন।

বনদফতর সূত্রে খবর, বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া বাঘিনীটি বর্তমানে অসমের কোকরাঝাড় জেলার রাইমোনা ন্যাশনাল পার্কে অবস্থান করছে। ইতিমধ্যেই বাঘিনীটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে বনদফতর। ফলে তাকে খোঁজার পরিবর্তে কীভাবে পরবর্তী পদক্ষেপ করা হবে, তা নিয়েই দুই রাজ্যের বন আধিকারিকদের মধ্যে আলোচনা চলছে। অসমে যাওয়ার আগে বনমন্ত্রী জানিয়েছিলেন, বাঘিনীকে খুঁজতে নয়, বরং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর এই সফর। তিনি বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। পাশাপাশি অসম সরকারকেও চিঠি পাঠানো হয়েছে। বাঘিনীকে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনতে চায় পশ্চিমবঙ্গ সরকার। তবে বিষয়টি ইতিমধ্যেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ)-র কাছে পাঠিয়েছে অসম সরকার।

আরও খবর :  রাত ১১টা ৫১ মিনিটে ইতিহাস, এনভিএস-০৩ উৎক্ষেপণে নতুন মাইলফলক ভারতের

বনমন্ত্রী জানান, এনটিসিএ যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। বাঘিনীকে ধরে বক্সায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হলে সেই ব্যবস্থা করা হবে। আবার সেখানে রাখার নির্দেশ দেওয়া হলেও তা মেনে চলা হবে। দুই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে প্রায় তিন বছর বয়সি একটি বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্সার জঙ্গলে তাকে অবমুক্ত করা হয়েছিল। কিন্তু বক্সায় ছাড়ার মাত্র এক মাসের মধ্যেই দীর্ঘ পথ অতিক্রম করে বাঘিনীটি অসমের রাইমোনা ন্যাশনাল পার্কে পৌঁছে যায়। বর্তমানে ওই পার্কে আরও ছয়টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছে। এবার বাঘিনীটিকে বক্সায় ফিরিয়ে আনা হবে, নাকি এনটিসিএ-র নির্দেশ অনুযায়ী রাইমোনাতেই রাখা হবে, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দুই রাজ্যের বনদফতর।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This