ওয়েব ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের ‘চলো দিল্লি’ সমাবেশকে ঘিরে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। রবিবারের এই জমায়েতকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করল বিজেপি (BJP)। দলের দাবি, কংগ্রেসের তরফে ১০ লক্ষ মানুষের জমায়েতের কথা বলা হলেও সভাস্থলের প্রায় ৪০ শতাংশ জায়গা ফাঁকাই ছিল। এমনকী রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছিলেন, তখনও বহু মানুষ সমাবেশ ছেড়ে চলে যান বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের ভোটচুরির অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। তাঁর বক্তব্য, নির্বাচনে কারচুপির অভিযোগ থাকলে ভোটের ফল প্রকাশের পরই যথাযথ আইনি পথে চ্যালেঞ্জ জানানো উচিত। রামলীলা ময়দানে দাঁড়িয়ে অভিযোগ করলেই নির্বাচন অবৈধ হয়ে যায় না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে অবৈধ বলে দাবি করা হলে সেই সংক্রান্ত আদালতে দায়ের করা মামলার নথি দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।
রাহুল গান্ধীর বক্তব্যের একটি অংশ নিয়েও কটাক্ষ করেন সম্বিত পাত্র। শিবের বরযাত্রা এবং শিবতাণ্ডবের প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারেননি কংগ্রেস নেতা। পাল্টা হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আগামী নির্বাচনে জনতার তাণ্ডব দেখা যাবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেই জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন।
আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ৩ নভেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা
উল্লেখ্য, রামলীলা ময়দানের এই সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। এদিন রামলীলা ময়দান থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোটচুরির মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ করে তোলা হয়েছে। তাঁর দাবি, জ্ঞানেশ কুমারের ভূমিকা ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। কৃষক, যুবক ও শ্রমিকদের অধিকার খর্ব হওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের সম্পদ কয়েক জনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।
এই সমাবেশে রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতা। মিণ্টো রোড- কনট প্লেস সংযোগস্থল থেকে মিছিল শুরু হয়ে পৌঁছয় রামলীলা ময়দানে।
