ওয়েব ডেস্ক : অক্টোবরের শেষ লগ্নে ক্রিপ্টো দুনিয়ায় বড়সড় ধাক্কা! বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের (Binance) একাধিক ডিজিটাল ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৯ অক্টোবরের এই নিরাপত্তা বিপর্যয়কে ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিপ্টো বাজারে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ আটকে দিতে পেরেছে বাইন্যান্স ও সহযোগী সংস্থাগুলি। বাকি প্রায় ৩৩০ কোটি ডলারের সম্পদের অবস্থান নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।
বাইন্যান্সের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সংস্থার এক ডেভঅপস ইঞ্জিনিয়ারের ল্যাপটপ হ্যাক হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরেই হ্যাকার সংস্থার অভ্যন্তরীণ একটি ব্যবস্থায় প্রবেশ করে অননুমোদিত লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ ক্রিপ্টো সম্পদ সরিয়ে নেয় বলে অনুমান। তবে সংস্থার দাবি, কোনও ডিজিটাল ওয়ালেটের গোপন চাবি বা প্রাইভেট কি ফাঁস হওয়ার প্রমাণ মেলেনি।
আরও খবর : ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে! এক মাসেই দ্বিতীয় দফায় চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী
ঘটনার পরেই ক্ষতিগ্রস্ত সম্পদ চিহ্নিত করে আটকে দেওয়ার কাজ শুরু হয়। বাইন্যান্স জানিয়েছে, ব্লকচেন সংস্থাগুলির সহযোগিতায় প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ ফ্রিজ করা সম্ভব হয়েছে। টেথার এবং সার্কেলের মতো সংস্থাও সংশ্লিষ্ট ডিজিটাল সম্পদের লেনদেন আটকে দিয়েছে। তবে বাকি অর্থের হদিস ও তা উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
নিরাপত্তা যাচাইয়ের স্বার্থে সাময়িকভাবে আমানত জমা এবং টাকা তোলার পরিষেবা বন্ধ রেখেছে বাইন্যান্স। সংস্থার দাবি, গ্রাহকদের অর্থ সুরক্ষিত রয়েছে। এই ঘটনায় গ্রাহকদের যে আর্থিক ক্ষতি হবে, তা সংস্থার নিজস্ব তহবিল এবং সুরক্ষা তহবিল থেকে মেটানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত প্রযুক্তিগত রিপোর্ট প্রকাশের কথাও জানিয়েছে বাইন্যান্স।
