ওয়েব ডেস্ক : উৎসব মানেই জনসমাগম। আর সেই ভিড় থেকেই যাতে বিপদ না তৈরি হয়, এবার আগেভাগেই নিরাপত্তার ছক তৈরি করল রাজ্য প্রশাসন। আগামী কয়েক সপ্তাহে একের পর এক উৎসব। কোথাও আলোর রোশনাই, কোথাও প্রতিমা দর্শনের দীর্ঘ লাইন, আবার কোথাও জলাশয়ের ধারে হাজার হাজার মানুষের জমায়েত। এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তা থেকে পুরসভা, পুলিশ থেকে দমকল—প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছে নবান্ন (Nabanna)। নতুন নির্দেশিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মণ্ডপের ভিতরে মানুষের চাপ নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজের উপর।
এবার থেকে মণ্ডপে ঢোকার ক্ষেত্রে একসঙ্গে অনেক দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভিতরে থাকা দর্শনার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই পরবর্তী দলকে ঢোকার অনুমতি দিতে হবে। কত মানুষের ভিড় হতে পারে, তা আগাম হিসাব করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে উদ্যোক্তাদের। দর্শনার্থীদের চলাচলের রাস্তা থেকে মণ্ডপের ভিতর পর্যন্ত পর্যাপ্ত আলো রাখাও বাধ্যতামূলক। থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে অন্ধকার বা আলো-আঁধারি পরিবেশ তৈরি করা যাবে না। বড় পুজোয় অ্যাম্বুল্যান্স এবং প্রতিটি মণ্ডপে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে কত দ্রুত সাহায্য পৌঁছতে পারবে, তার উপরেও নজর রাখছে প্রশাসন। মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। কোনও দুর্ঘটনা ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের সহায়তা পৌঁছনোর মতো ব্যবস্থা করতে হবে। বড় জমায়েতের ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি মণ্ডপের আশপাশে বাজি পোড়ানো বন্ধ রাখতে হবে এবং দোকান বা স্টল বসানোর কারণে যেন দর্শনার্থীদের যাতায়াতের পথ আটকে না যায়, তা নিশ্চিত করতে হবে।
আরও খবর : কালীপুজোর আগেই ফের বাড়ল গ্যাসের দাম! এক ধাক্কায় ১০ টাকা বেশি, কত হল বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর?
ছটপুজো ও প্রতিমা নিরঞ্জনের ঘাটে ব্যারিকেড, উদ্ধার সরঞ্জাম এবং জীবনরক্ষাকারী জ্যাকেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের জন্য পৃথক পোশাক পরিবর্তনের ঘর, পর্যাপ্ত আলো, শৌচ ও পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখতে হবে। ঘাটে জমা বর্জ্য সরাতে বিশেষ দল এবং ভিজে-শুকনো আবর্জনা পৃথক রাখার পাত্রের ব্যবস্থা করতে হবে। স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক। উৎসবের আগে থেকে ছটের পরের দিন পর্যন্ত পুরসভার নিয়ন্ত্রণকক্ষ দিনরাত চালু রাখার নির্দেশও রয়েছে।
এই প্রস্তুতির পিছনে রয়েছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ অভিজ্ঞতা। ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ২৮ অক্টোবর নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সেই বৈঠকের পরই নতুন নির্দেশিকা তৈরি হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে পুলিশ, দমকল, স্বাস্থ্যকেন্দ্র, পুরসভা ও স্থানীয় প্রশাসনকে নিয়ে সমন্বয় বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
