ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আবহাওয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনে দক্ষিণ ও পূর্ব ভারতের একাধিক উপকূলীয় রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হলে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে।
বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হওয়া নিম্নচাপটি ২৪ অক্টোবর গভীরতর হয়ে নিম্নচাপে পরিণত হয়। এরপর সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাংলাদেশের দেওয়া নামের তালিকা অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’। বাংলায় এই শব্দের অর্থ সমুদ্র।
অন্ধ্রপ্রদেশে সরাসরি আছড়ে পড়ার আশঙ্কা
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের দিকে নজর রেখে প্রস্তুতি শুরু করেছে অন্ধ্রপ্রদেশ (Andhra pradesh) প্রশাসন। বাপতলা থেকে বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় ঝড়ের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্ক ওড়িশা। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত রাজ্যের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ অক্টোবর গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ওই পাঁচ জেলায় ২৮ ও ২৯ অক্টোবর স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি বিচার করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন। সরকারি আধিকারিকদের ছুটিও বাতিল করা হয়েছে।
মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী
দুর্যোগ মোকাবিলায় ওড়িশায় প্রস্তুত রাখা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ৬০টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল এবং দমকল বিভাগের ২২৫টি দল। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
গঞ্জামের জেলাশাসক জানিয়েছেন, সম্ভাব্য আশ্রয়ের জন্য ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন হলে মানুষকে সরিয়ে রাখার জন্য আরও এক হাজারটি অস্থায়ী জায়গা চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসার সরঞ্জাম এবং সাপে কামড়ানোর প্রতিষেধক মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর : স্বাস্থ্য বিমায় নতুন নিয়মের ভাবনা! চিকিৎসার বিলের ১০ শতাংশ দিতে হতে পারে গ্রাহককে, বাড়বে কি খরচ?
তামিলনাড়ু ও পুদুচেরিতে দুর্যোগের আশঙ্কা
বঙ্গোপসাগরের আবহাওয়াজনিত পরিস্থিতির জেরে তামিলনাড়ু ও পুদুচেরিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যেই পুদুচেরির একাধিক এলাকায় জল জমার খবর মিলেছে। উপকূলবর্তী রাস্তা-সহ কৃষ্ণনগর ও লাসপেট এলাকার কিছু অংশে জল জমে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। সমুদ্রবন্দরের নিরাপত্তার জন্য চেন্নাই, নাগাপট্টিনম, কুড্ডালোর, কারাইকাল, পাম্বান ও তুতিকোরিন-সহ মোট ন’টি বন্দরে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষকদেরও সতর্কবার্তা
ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিদ্যুৎ পরিষেবা, সড়ক যোগাযোগ এবং জরুরি পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, সে জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে উপকূলবর্তী রাজ্যগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি আরও বদলাতে পারে। তাই প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
