ওয়েব ডেস্ক : অযোধ্যার রাম মন্দিরে অনুদানের টাকা চুরির অভিযোগের মামলায় ( Ayodhya Ram Mandir Donation Theft Case) গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপ্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন আবেদনকারী। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ইতিমধ্যেই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, তদন্তে দেখা গিয়েছে, অনুদানের টাকা গণনার সময়ই মূলত চুরির ঘটনা ঘটত। গণনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুনানিতে তুষার মেহতা আরও জানান, সরিয়ে নেওয়া টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হত। কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা রাখতেন, আবার কেউ সম্পত্তি কেনার কাজে সেই টাকা ব্যবহার করতেন। তদন্তকারী সংস্থার কাছে আর্থিক লেনদেনের নির্দিষ্ট হিসাব রয়েছে বলেও জানান তিনি। সম্পত্তির মূল্য নিয়েও তদন্তে অসঙ্গতি সামনে এসেছে। কোনও সম্পত্তির নথিতে ১৫ লক্ষ টাকা দাম দেখানো হলেও তার প্রকৃত মূল্য ৫০ লক্ষ টাকা হতে পারে বলে আদালতকে জানান সলিসিটর জেনারেল। এই ধরনের লেনদেনের পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে অডিটও করা হয়েছে বলে জানান তিনি।
আরও খবর : অন্ধ্রের উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র চোখরাঙানি, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
তুষার মেহতার বক্তব্য, মন্দিরে থাকা সমস্ত শিল্পকর্ম, উপহার এবং অর্ঘ্য অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে। অন্যদিকে, মামলার নতুন আবেদন দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। জবাবে সলিসিটর জেনারেল জানান, এটি পাঁচ বিচারপতির বেঞ্চের দেওয়া রায়ের পুনর্বিবেচনার আবেদন। শুনানির সময় আবেদনকারীকে এই বিষয়ে দেওয়ানি মামলা দায়ের করার পরামর্শ দেয় বিচারপতিদের বেঞ্চ।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন মেনে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু বিষয়টির সঙ্গে জনস্বার্থ জড়িত, তাই আবেদনকারীকে সেই প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী অপরাধের শিকার ব্যক্তিরা বিচারপ্রক্রিয়ায় আদালতকে সহায়তা করতে পারেন। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে অনুদানের টাকা চুরির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল।
