জেল থেকে বেরিয়েই ফের বিপাকে! আশুতোষ-সৌরভকে সমন দিল্লি পুলিশের, আবার কি গ্রেপ্তারি?

Must Read

নয়াদিল্লি: জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের আইনি জটিলতায় ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। তাঁদের তলব করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে দুই নেতাকে ফের গ্রেপ্তার করা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আশুতোষ ও সৌরভের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির আর এক নেতা অজিঙ্কা শিণ্ডেকেও ভারতীয় ন্যায় সংহিতার ১৮৮ ধারা লঙ্ঘনের অভিযোগে সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

কনট প্লেস ও পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া দুটি অভিযোগের তদন্তও ক্রাইম ব্রাঞ্চের হাতে গিয়েছে। সরকারি নির্দেশ অমান্য, অনুপ্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে।

অভিযোগ, গত ১৩ অক্টোবর ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা তুলেছিলেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। পরে পুলিশ তাঁদের আটক করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই একাধিক মামলা দায়ের হয়।

বুধবার বিকেলে আশুতোষ ও সৌরভের জামিন মঞ্জুর হয়েছিল। তবে জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম, অনুমতি ছাড়া যন্তর মন্তরে কোনও প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

জামিনের আবেদনে দুই নেতা শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ক্রাইম ব্রাঞ্চের সমনের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। সমন জারি হওয়া মানেই ফের গ্রেপ্তারি নয়। তদন্তে হাজিরার পর পুলিশ কী সিদ্ধান্ত নেয়, আপাতত সেদিকেই নজর।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This