ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)। পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূল থেকে ৬১০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে রয়েছে অর্ণব।
বর্তমানে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। আগামী দিনেও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তার গতিপথ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ২৬ অক্টোবর মধ্যরাতের মধ্যে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অর্ণব (Cyclone Arnab)। ২৭ অক্টোবর আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও খবর : দিল্লির রামলীলা ময়দানের বিক্ষোভ কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদের বার্তা দিলেন রাহুল গান্ধী
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপতলার মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে অর্ণব। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা।
উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। উত্তর-পশ্চিম ও পরে উত্তর দিকে এগিয়ে গিয়ে অর্ণব ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
অর্ণবের প্রভাবে ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওড়িশা, বিদর্ভ, তেলঙ্গানা, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখা হচ্ছে।
