নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরে বিক্ষোভ এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দিলেন কে আন্নামালাই। সিজেপির প্রতিবাদের কৌশলের সঙ্গে সহমত না হলেও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে বলে স্পষ্ট করেছেন বিজেপির প্রাক্তন এই নেতা। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পালটা আক্রমণ শানিয়েছে বিজেপিও।
সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে আন্নামালাই জানতে চেয়েছেন, সিজেপি বিক্ষোভের অনুমতি চাওয়ার পরেই কেন যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? প্রতিরোধমূলক আটক সংক্রান্ত সিদ্ধান্তে দিল্লি পুলিশের সহকারী কমিশনার কীভাবে বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করছেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
এ ছাড়া, ১৩ অক্টোবর গ্রেপ্তার হওয়া সিজেপি নেতাদের জামিনের শুনানিতে ১৯ অক্টোবর সংশ্লিষ্ট আধিকারিকের দেরিতে পৌঁছনো, নিরাপত্তার আশঙ্কায় সরে দাঁড়ানো এবং আট জনের জামিনদার বাতিল করার কারণ জানতে চেয়েছেন আন্নামালাই। নীট পরীক্ষার প্রতিবাদের সময় দিল্লি পুলিশের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার ও নিয়মভঙ্গের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়েও পদক্ষেপ করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন তিনি।
আন্নামালাইয়ের অভিযোগ, সিজেপিকে জাতীয় স্তরে প্রচার দিয়ে বিজেপি আসলে বিরোধী ভোট ভাগ করার চেষ্টা করছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। দশেরায় বিজেপি বিধায়ক অশোক গোয়েলের নেতৃত্বে সিজেপির প্রতীকী কুশপুতুল পোড়ানোর প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করেন, সিজেপি এর চেয়ে ভালো প্রচার দল পেলেও হয়তো পেত না।
২০১১ সালে রামলীলা ময়দানে দুর্নীতিবিরোধী আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রসঙ্গে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যও তুলে ধরেন আন্নামালাই। তিনি জানান, ৫ জুন, ২০২৬-এ বিজেপি ছেড়েছেন তিনি। সিজেপির কৌশল নিয়ে আপত্তি থাকলেও তাদের প্রতিবাদের অধিকার অস্বীকার করেননি।
পালটা বিজেপি মুখপাত্র নারায়ণন তিরুপতি বলেন, প্রতিবাদ আইনি সীমা অতিক্রম করলে পুলিশের ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। তাঁর দাবি, এসআইআর নিয়ে আন্নামালাইয়ের আগের অবস্থানের সঙ্গে বর্তমান বক্তব্যের ফারাক রয়েছে। ফলে সিজেপিকে ঘিরে বিতর্কের পাশাপাশি বিজেপির অন্দরেও রাজনৈতিক তরজা জোরালো হয়েছে।
