ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, সিইও দফতরে অভিষেক

0
38

কলকাতা: বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগে ফের সরব তৃণমূল (TMC)। সেই ইস্যুতেই সোমবার সিইও দফতরে হাজির হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন ও শ্রেয়া পাণ্ডে।

অভিষেকের আগমনের খবর ছড়াতেই কমিশনের দফতরের সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বৈধ ভোটারের নাম কেন বাদ? এই স্লোগানে সরব হন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফতর চত্বরে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী, বাইরে কড়া নজরদারিতে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ভোটের আগ ডুবুরডিহি সীমান্তে কড়া তল্লাশিতে মিলল লক্ষ লক্ষ টাকা!

ভোটার তালিকা সংশোধন নিয়ে গত কয়েকদিন ধরেই চাপানউতোর চলছিল রাজ্য রাজনীতিতে। এদিনের কর্মসূচিকে ঘিরে সপ্তাহের শুরুতেই শিপিং কর্পোরেশন ভবন চত্বরে উত্তেজনা চরমে ওঠে, যা ঘিরে বাড়ছে রাজনৈতিক পারদ।

এসআইআর পর্বের পর রাজ্যে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়া এবং আরও ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই অবস্থায় বিচারাধীন তালিকার নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকেই ধাপে ধাপে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চারটি তালিকা প্রকাশিত হলেও, তাতে ঠিক কত নাম যুক্ত হল বা কত বাদ পড়ল, তা নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই ইস্যুতেই কয়েকদিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, “চারটি তালিকা বেরিয়েছে, কিন্তু একটাও চোখে দেখিনি। চক্রান্ত চলছে।”

এই আবহেই সোমবার প্রচার সেরে সিইও দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা, যেখানে অতিরিক্ত ভোটার তালিকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, কমিশনের দফতরের বাইরে জমায়েত হয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চত্বরে। যদিও এই বিক্ষোভকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here