ওয়েব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষের মধ্যেই দুই ছাত্রীর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে ক্লাস চলাকালীন শিকল নিয়ে ঘরে ঢুকে দুই ছাত্রীকে আক্রমণ করে ২১ বছরের এক যুবক। ঘটনায় দু’জনেই আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাপ্তাডু গ্রামের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় শ্রেণিকক্ষে শিক্ষক উপস্থিত ছিলেন এবং পড়াশোনা চলছিল।
আহত দুই ছাত্রীকে দ্রুত অনন্তপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম ছাত্রীর অস্ত্রোপচার চলছে। পরে তাকে আকাশপথে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পুলিশি তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। হামলার পর স্কুল থেকে পালিয়ে যায় সে। পরে ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও খবর : বক্সার বাঘিনীকে ফেরাতে অসমে বনমন্ত্রী, রাইমোনায় বন আধিকারিকদের সঙ্গে বৈঠক
অভিযুক্ত শ্রী সত্য সাই জেলার ধর্মবরম মণ্ডলের নাগালুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত এক ছাত্রীর সঙ্গে তার দূরসম্পর্কের আত্মীয়তার যোগ রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আহত ছাত্রীর চিকিৎসার বিষয়ে তিনি নিজে নজর রাখছেন বলে জানিয়েছেন। চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশও ঘটনার নিন্দা করেছেন। স্কুলের মতো নিরাপদ শিক্ষাঙ্গনে ছাত্রীদের উপর এমন হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।
