ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতা জারি হতেই দক্ষিণ ভারতের জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। চেন্নাই থেকে একাধিক বিমান বাতিল। বিশাখাপত্তনমে সাময়িকভাবে বন্ধ ইন্ডিগোর পরিষেবা। বিজয়ওয়াড়া থেকেও বাতিল হয়েছে ১০টি আন্তর্জাতিক উড়ান। পরিস্থিতির মোকাবিলায় চেন্নাই ও তিরুভল্লুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। এই পরিস্থিতির নেপথ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া তীব্র ঘূর্ণিঝড় মুরাসু (Cyclone Murasu )।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ৪টের মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশের আগে মুরাসুর শক্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। দমকা হাওয়ার দাপটও বাড়ছে।
আরও খবর : রাজস্থানে রাস্তার কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত ৮ শ্রমিক, আহত একাধিক
প্রশাসনের কাছে এখন বড় চ্যালেঞ্জ উদ্ধার ও ত্রাণের প্রস্তুতি। পরিস্থিতি সামাল দিতে তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চতুর্থ ব্যাটেলিয়ানের তিনটি দল। দমকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, মুরাসুর প্রভাব পড়তে পারে ওড়িশার উপকূলেও। সেখানে লাল সতর্কতা জারি হয়েছে। আগামী দু’দিন ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের উপর ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে।
