কয়লাখনির গভীর খাদে আটকে ট্রাক, মানত পূরণ হতেই উদ্ধার! অন্ডালের খাদান কালীর অজানা ইতিহাস

Must Read

অন্ডাল: চারদিকে কয়লাখনি, গভীর খাদ আর বিপদের আশঙ্কা। সেই খনিতেই এক সময় গভীর গর্তে আটকে গিয়েছিল কয়লাবোঝাই ট্রাক। বহু চেষ্টা করেও সেটিকে উদ্ধার করা যাচ্ছিল না। শেষমেশ দেবীর কাছে মানত করেন খনির এক কর্মী। লোকবিশ্বাস, তার পরেই উদ্ধার করা সম্ভব হয় ট্রাকটি। সেই ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছিল অন্ডালের খাদান কালীর পুজো। পশ্চিম বর্ধমানের এই মন্দিরের ইতিহাস আজও লোকমুখে প্রচলিত।

অন্ডালের পলাশবন বাবুইসোল কলোনিতে অবস্থিত খাদান কালীর মন্দির। এই পুজোর অন্যতম বিশেষত্ব, এখানে কোনও প্রচলিত প্রতিমা নেই। একটি পাথরকেই দেবী কালীর প্রতীক হিসেবে পুজো করেন ভক্তেরা। তাঁদের বিশ্বাস, ওই পাথরের মধ্যেই বিরাজ করেন দেবী। কালীপুজোর সময় দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন।

স্থানীয় ইতিহাস ও লোককথা অনুযায়ী, প্রায় একশো বছর আগে মতিলাল চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে ওই পাথরকে ঘিরে পুজোর সূচনা করেছিলেন। পরে কোনও এক সময়ে বন্ধ হয়ে যায় আরাধনা। তার পর ১৯৬৮ সালে ঘটে কয়লাবোঝাই ট্রাক উদ্ধারের সেই ঘটনা।

খনির লোডিং অফিসার অমরচন্দ্র ঘোষ আটকে পড়া ট্রাক উদ্ধারের জন্য দেবীর কাছে মানত করেন। তাঁর প্রতিজ্ঞা ছিল, ট্রাক উদ্ধার হলে ফের ধুমধাম করে পুজো শুরু করবেন। ভক্তদের বিশ্বাস, মানতের পরেই ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। সেই ঘটনার পর অমরচন্দ্র ঘোষের উদ্যোগে ফের শুরু হয় পুজো। তাঁর পরিবারের দাবি, স্বপ্নাদেশ পেয়েই তিনি এই আরাধনা শুরু করেছিলেন। তখন থেকেই দেবী পরিচিত হন ‘খাদান কালী’ নামে।

বর্তমানে প্রতি শনি ও মঙ্গলবার বিশেষ পুজো হয়। অমাবস্যায় নিবেদন করা হয় খিচুড়ি ভোগ। কালীপুজো এই মন্দিরের বছরের অন্যতম বড় আয়োজন। সেবাইত অমিত ঘোষের কথায়, দেবীর প্রতি মানুষের বিশ্বাস ক্রমশ বাড়ছে। বহু ভক্ত মানত নিয়ে আসেন এবং মনোবাসনা পূরণের আশায় পুজো দেন।

Latest News

জঙ্গলে মাওবাদী শক্তি শেষ, এবার ‘দিমাগি নকশাল’দের নিয়ে সতর্কবার্তা মোদির! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি

ওয়েব ডেস্ক : ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপনের মঞ্চ থেকে মাওবাদী কার্যকলাপ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিলেন...

More Articles Like This