ওয়েব ডেস্ক : ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ের সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার চণ্ডীগড়ে এক সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করে তাঁর রাজনৈতিক নেতৃত্ব ও প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কটাক্ষ করেন শাহ। রাহুলের পরিচিত রাজনৈতিক স্লোগান ‘মহব্বত কি দোকান’কে হাতিয়ার করে তাঁর অভিযোগ, ভালোবাসার কথা বললেও রাহুলের দোকানে ঘৃণা ছাড়া কিছু পাওয়া যায় না।
রাহুল গান্ধীর ‘মক পার্লামেন্ট’ আয়োজন নিয়েও কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যেই নতুন কৌশল হিসেবে এই কর্মসূচি শুরু করেছেন কংগ্রেস নেতা। শাহ বলেন, “রাহুলজি, আপনি আপনার মক পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপনার পূরণ হবে না।”
দিল্লিতে কংগ্রেসের নির্বাচনী ফল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শাহ। তাঁর দাবি, গত তিনটি দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। আগামী তিনটি নির্বাচনেও দলটির একই পরিস্থিতি হবে বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেসকে ফের বিরোধী আসনে বসার প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও খবর : বদ্রীনাথের মাথার উপর ঝুলছে তিন হিমবাহ! বরফের স্তূপ ভাঙলেই ভয়াবহ তুষারধসের আশঙ্কা
দিল্লিতে বিরোধীদের সমাবেশ ঘিরে ব্যবসায়ীদের উদ্বেগের প্রসঙ্গও তোলেন শাহ। তাঁর বক্তব্য, উৎসবের মরসুমে কংগ্রেসকে সমাবেশ না করার আর্জি জানিয়েছিলেন দিল্লির ব্যবসায়ীরা। সেই প্রসঙ্গ তুলে বিরোধী দলের কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন শাহ ঘোষণা করেন, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাব-সহ গোটা দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অন্যদিকে, পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টি ইতিমধ্যেই ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। ফলে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন ঘিরে পঞ্জাবে রাজনৈতিক তৎপরতা বাড়ছে।
