ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে! এক মাসেই দ্বিতীয় দফায় চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী

Must Read

ওয়েব ডেস্ক : ফের কর্মী ছাঁটাইয়ের (Layo ffs) পথে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। চলতি মাসের শুরুতে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার সংস্থার ডিভাইস ও পরিষেবা বিভাগে সর্বাধিক ২৫০টি পদ বিলুপ্ত করা হচ্ছে। বুধবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। নতুন কিন্ডল ই-রিডার ও ট্যাবলেট-সহ একাধিক পণ্য বাজারে আনার পরই এই পদক্ষেপ করল সংস্থা।

রয়টার্সের অনুসন্ধানের পর কর্মী ছাঁটাইয়ের বিষয়টি স্বীকার করেছে অ্যামাজন (Amazon)। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সীমিত সংখ্যক পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সংস্থার কাজকর্ম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা এবং ভবিষ্যৎ পণ্য পরিকল্পনার সঙ্গে কর্মীসংখ্যার সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

আরও খবর :  এআইয়ের সাহায্যে ধরা পড়ল পিএইচপি-র বিপজ্জনক ত্রুটি, সাইবার হামলার আশঙ্কায় বন্ধ সরকারি ওয়েবসাইট

সূত্রের খবর, এবারের ছাঁটাইয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে। বুধবার সকালেই সংশ্লিষ্ট কর্মীদের মোবাইলে বার্তা এবং ইমেলের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানানো হয়। সংস্থার ডিভাইস ও পরিষেবা বিভাগের মানবসম্পদ শাখার ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের পাঠানো একটি ইমেলেও সাংগঠনিক কাঠামো পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই কয়েকটি পদ বিলুপ্ত করার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানানো হয়।

উল্লেখযোগ্য বিষয়, কর্মী ছাঁটাইয়ের দিনেই অ্যালেক্সা প্রযুক্তিনির্ভর নতুন অ্যালার্ম ঘড়ি এবং ডিজিটাল ফটো ফ্রেমের ঘোষণা করেছে অ্যামাজন। এর আগে সংস্থা নতুন কিন্ডল ই-রিডার ও ট্যাবলেট কম্পিউটারও বাজারে এনেছে। এর আগে অক্টোবর মাসেই অ্যামাজনের মূল খুচরো ব্যবসার বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। এবার ডিভাইস ও পরিষেবা বিভাগেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হল। বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This