ওয়েব ডেস্ক : ডুয়ার্সে ফের হাতির হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার দক্ষিণ মেদাবাড়ি এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ভীম চৌরায়ার। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। বারবার হাতি-মানুষের সংঘাতে প্রাণহানির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি দক্ষিণ মেদাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এরপর এলাকার ধানখেতে হানা দিয়ে তাণ্ডব চালাতে শুরু করে হাতিটি। হাতি তাড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেন ভীম চৌরায়া। সেই সময় হাতির আক্রমণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাতির পদপিষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : দুর্গা নন, ১৮ হাতের মহালক্ষ্মী! মালদার আশ্রমে ২৬ বছর ধরে শক্তিরূপে পূজিত হন দেবী
ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তবে বনকর্মীরা এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ সামনে আসে। বারবার হাতির হানায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটলেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন তাঁরা।
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জঙ্গল লাগোয়া বসতি ও কৃষিজমিতে হাতির প্রবেশ নতুন নয়। ধানখেতের ক্ষয়ক্ষতি রুখতে কিংবা হাতি তাড়াতে গিয়ে অনেক সময় বিপদের মুখে পড়তে হয় স্থানীয়দের। দক্ষিণ মেদাবাড়ির এই ঘটনা ফের সেই সংঘাতের ছবিই সামনে আনল। এলাকায় হাতির হামলা ঠেকাতে এবং মানুষের প্রাণহানি রুখতে বন দফতরের তরফে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।
