তদন্তের তথ্য সংবাদমাধ্যমে ফাঁসের অভিযোগ! হাই কোর্টে সুরাহা না পেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must Read

নয়াদিল্লি: তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টে সুরাহা না মেলায় এ বার শীর্ষ আদালতের কাছে তাঁর আবেদন, তদন্তের গোপন তথ্য প্রকাশে লাগাম টানা হোক। আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা।

অভিষেকের অভিযোগ, তদন্ত চলাকালীন তাঁর ব্যক্তিগত তথ্য, জিজ্ঞাসাবাদের বিষয় এবং তদন্তের অগ্রগতি পুলিশ ও তদন্তকারী সংস্থার সূত্রে সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর ফলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাঁর সুনাম, মর্যাদা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এই পরিস্থিতিতে আদালতের কাছে অভিষেকের আবেদন, তদন্ত সংক্রান্ত তথ্য পুলিশ বা তদন্তকারী সংস্থার আধিকারিকেরা যাতে সংবাদমাধ্যমের কাছে প্রকাশ না করেন, সেই নির্দেশ দেওয়া হোক। বিকল্প হিসাবে, তদন্তে প্রভাব ফেলতে পারে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানি ঘটাতে পারে, এমন খবর প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

এর আগে এই একই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ। প্রথমে বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি শুনতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য ছিল, বিষয়টি তাঁর এজলাসের বিচার্য নয়। পরে মামলাটি যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। তবে তিনি মামলাটির দ্রুত শুনানিতে সম্মত হননি। হাই কোর্টের তরফে জানানো হয়, এখনই জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির প্রয়োজনীয়তা নেই।

হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি মঞ্জুর না হওয়ায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তদন্তের তথ্য প্রকাশ এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে তাঁর এই আবেদনে শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This