ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা জেলায় চেনাব নদীতে ঝাঁপ দিল ২১ বছরের তরুণী পায়েল দেবী। শনিবার দুপুরে প্রেম নগরের কাছে শিবা ডাল সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। ঘটনার আগে বাবার সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছিল। সেই কথোপকথনে তিনি বাবাকে বলেন, ‘এটা আমার নিজের জীবন’, এরপরই ফোনের ওপার থেকে আসে ‘বাই-বাই পাপা’।
পরিবারের দাবি, ঘটনার আগে পায়েল একটি মেলায় গিয়েছিলেন। পরে বাবাকে ফোন করে অসুস্থ বোধ করার কথা জানান এবং চিকিৎসকের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসককে না পাওয়ায় তিনি বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি পরিবারের সদস্যদের জানান, পায়েল আচমকা নদীর দিকে ছুটে গিয়েছেন।
আরও খবর : বিহারে লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস
এরপর পায়েলের সঙ্গে ফোনে কথা বলেন তাঁর বাবা কৃষ্ণলাল। কী হয়েছে, কেউ তাঁকে কিছু বলেছে কি না, তা বারবার জানতে চান তিনি। বাবার দাবি, পায়েল তখন বলেন, ‘কেউ যেন আমার কাছে না আসে।’ পরে তিনি জানান, কেউ তাঁকে কিছু করেনি। এরপর নিজের জীবন নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে ফোন কেটে দেন বলে দাবি পরিবারের।
ঘটনার সময় সেতুর আশপাশে থাকা কয়েকজন তাঁকে থামানোর চেষ্টা করেন। সেই মুহূর্তের একটি ভিডিওও সামনে এসেছে বলে জানা গিয়েছে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে কী কারণে পায়েল এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই পুলিশ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স বা SDRF এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু হয়। নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও এখনও পায়েলের কোনও সন্ধান মেলেনি।
