ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) আগাম মহড়া দেখল বুধবারের ইডেন। টি-২০ বিশ্বকাপের (ICC TO World Cup 2026) সেমিফাইনাল মাতিয়ে দিলেন কেকেআরের (KKR) ‘ত্রিমূর্তি’। ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও রাচিন রবীন্দ্রর ঝোড়ো পারফরম্যান্সে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা। ১৭০ রানের লক্ষ্য মাত্র ১২.৫ ওভারেই করে টি-২০ বিশ্বকাপের ফাইনালের টিকিট কনফার্ম করল নিউজিল্যান্ড।
এদিনের মেগা ম্যাচে (New Zealand Vs South Africa) টসে জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় কিউয়িরা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ব্রেভিস, স্টাবস এবং ইয়ানসনের ঝোড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণে শুরু করেন অ্যালেন ও সেইফার্ট। এনগিডি, রাবাডা, মহারাজদের লাইন-লেংথ গুলিয়ে দেন দুই ওপেনার। প্রথম উইকেটে ৯.১ ওভারে ওঠে ১১৭ রান। সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করেন। আরও বিধ্বংসী ছিলেন অ্যালেন। ৩৩ বল খেলে তিনি অপরাজিত ১০০ রান করেন। এই ইনিংসের মাধ্যমে টি-২০ ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতরানের নজির গড়লেন অ্যালেন।
আরও পড়ুন: ICC র্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক, বরুণ! উন্নতি হার্দিক, ঈশানের! আর কে কোথায়?
তবে শুধু নিউজিল্যান্ড নয়, এই ম্যাচ দেখে খুশি নাইট সমর্থকরাও। কারণ, গত নিলামে অ্যালেনকে ২ কোটি, সেইফার্টকে ১.৫০ কোটি এবং রবীন্দ্রকে ২ কোটি টাকায় দলে নেয় কেকেআর। লক্ষণীয়, তিন জনকেই তাঁদের ন্যূনতম দামে কিনেছিল কেকেআর, কারণ অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ আগ্রহ দেখায়নি। কিন্তু ইডেনের মঞ্চে তাঁরা বুঝিয়ে দিলেন, কেন তাঁরা ম্যাচ-উইনার। আইপিএল শুরুর মাসখানেক আগেই শাহরুখ খানের দলের সমর্থকদের স্বপ্ন দেখিয়ে দিলেন তিন কিউয়ি তারকা।
