হেড-অভিষেকের তাণ্ডবে বিপাকে নাইটরা, বড় স্কোর হায়দরাবাদের

0
36

ওয়েব ডেস্ক : ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচের শুরুটা একেবারেই ভালো হল না কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য। টস জিতে অধিনায়ক অজিঙ্কে রাহানে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত চাপে ফেলে দিল নাইট শিবিরকে। ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ২২৬ রান তুলে নিলেন অভিষেক শর্মারা।

এদিন ঝড়ো মেজাজে ইনিংস শুরু করেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ারপ্লেতেই কেকেআরের বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করে দেন তাঁরা। মাত্র তিন ওভারে ৪০-র বেশি রান তুলে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় হায়দরাবাদ (SRH)। বিশেষ করে হেডের ব্যাটে একের পর এক বাউন্ডারি ও ছক্কা কেকেআরের বোলারদের দিশেহারা করে তোলে।

২১ বলে ৪৬ রান করে হেড আউট হলেও রান তোলার গতি কমেনি। অপর প্রান্তে সমান আগ্রাসনে খেলতে থাকেন অভিষেক শর্মা। বরুণ চক্রবর্তীর ওভারে বড় শট খেলে নিজের ছন্দ বজায় রাখেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার। মাঝের ওভারে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে কেকেআর। অল্প সময়ের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেছিলেন নাইট বোলাররা।

আরও খবর : অবসর ভেঙে টেস্টে ফিরছেন বিরাট-রোহিত? জল্পনার মাঝেই সামনে এল আসল সত্যিটা, দেখে নিন

তবে সেখান থেকেই ইনিংস সামলে নেন হাইনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডি। দু’জনের জুটি হায়দরাবাদের রানকে আবার ট্রাকে আনে। দ্রুত রান তুলে দলকে ২০০-র গণ্ডি পার করান তাঁরা। নীতীশ ৩৯ রান করে আউট হলেও ক্লাসেন শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরে রাখেন। শেষ পর্যন্ত তিনি ৫২ রান করে আউট হন। আর ২০ ওভার শেষে ২২৬ রান তুলে নেয় হায়দরাবাদ। ফলে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের সামনে এখন ২২৭ রানের কঠিন লক্ষ্য।

এদিকে ফের একবার বোলিং সমস্যায় ভুগলো কেকেআর (KKR)। ১১৮ রানের মধ্যে ৪ উইকেট ফেলার পরেও ম্যাচের হাল ধরতে সক্ষম হননি কেকেআরের বোলাররা। ফলে বিশাল স্কোর তুলে নেয় হায়দরাবাদ। এদিন কলকাতা হয়ে ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট নিয়েছেন। বৈভব আরোরা নিয়েছেন ২ উইকেট। আর কার্তিক ত্যাগী ও অনুকুল রায় একটি করে উইকেট নিয়েছেন। তবে এখন দেখার বিষয় আজকের এই ম্যাচ কেকেআর জিততে পারে কি না।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here