কর্মবিরতি উঠল টলিপাড়ায় ,আগামীকাল থেকে ফের শ্যুটিং

0
26

কলকাতা: অবশেষে উঠল কর্মবিরতি, রাহুলের মৃত্যুর (Rahul Banerjee Death) সঠিক তদন্তের দাবিতে ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ ম্যাজিক মোমেন্টস (Magic Moments Motion Pictures)।ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ার আর কোনও সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন। এদিন সকাল থেকে টলিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানিয়েছেন, কোনও কর্মবিরতি থাকছে না তবে ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত, ‘ম্যাজিক মোমেন্টস’-র সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না।

ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই প্রযোজনা সংস্থার ‘ভোলে বাবা পার করেগা’ বন্ধ হয়ে গিয়েছে। চলছিল ধারাবাহিক ‘চিরসখা’। তবে এবার সেই ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) যেসব ধারাবাহিকের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে এই মুহূর্তে কাজ করতে চান না, শিল্পী বা টেকনিশিয়ানরা। যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে এবং সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। প্রসেনজিতের বক্তব্য, “আগামীকাল থেকে কোনও কর্মবিরতি থাকছে না। সিনেমা-সিরিয়ালের সব কাজই হবে। তবে যে নির্দিষ্ট সংস্থা আজও রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ ব্যখা করতে পারেনি সেই সংস্থার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির আর কোনও শিল্পী কাজ করবে না। আমরা জানতে চাই সেইদিন শুটিং সেটে রাহুলের সঙ্গে ঠিক কী ঘটেছিল। যতদিন না আমরা জানতে পারছি ততদিন ওই সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হবে এবং অবশ্যই সেই যুক্তিতে প্রিয়াঙ্কার সম্মতি থাকতে হবে। রাহুল সত্যিই আমাদের চোখ খুলে দিয়ে গেল।

আরও পড়ুন: রাহুল ইস্যুতে পোস্ট করে চাপে ভিভান, মুছতে হল পোস্ট

প্রসেনজিতের সুরে সুর মিলিয়ে রঞ্জিত মল্লিকেরও (Ranjit Mallick) দাবি এক। তিনিও জানতে চান ‘ভোলে বাবা পার করেগা’-এর শুটিংয়ে কী এমন ঘটেছিল। তার জন্য একজন শিল্পীকে প্রাণ হারাতে হল। ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে কোনও লড়াই নেই সেই বিষয়টা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়াণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ঋতুপর্ণা বলেন, “রাহুলের মৃত্যুতে আমাদের মন ভেঙে গিয়েছে। শুটিংয়ের মাঝে এভাবে একটা ছেলের মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে যাঁরা কাজ করেন তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। টেলিভিশন ও সিনেমা ইন্ডাস্ট্রির প্রযোজকদের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যেকের জন্য বিমা বাধ্যতামূলক করতে হবে। যাঁরা কয়েকদিনের জন্য কোনও শুটিংয়ে কাজ করবেন তাঁদের সুবিধা-অসুবিধাও সমান গুরুত্বের সঙ্গে দেখা হবে। যতদিন ‘এসওপি’ কার্যকরী হচ্ছে ততদিন পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিং করা যাবে না।”

প্রসঙ্গত, রাহুলে’র জন্য একজোট বাংলা সিনেদুনিয়া। মঙ্গলবার, সকাল থেকে জনশূণ্য কলকাতার বিভিন্ন স্টুডিও। শুরু হল শিল্পীদের ডাকে কর্মবিরতি। মঙ্গলবার সকালে বাংলা সিনেদুনিয়ার একাধিক স্টুডিওর থমথমে চিত্রই তা বলে দেয়। নিত্যদিন ভোর থেকেই যেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন সচল থাকে, সেখানে এদিন সমস্ত শুটিং ফ্লোরে তালা ঝুলছে। নেই তারকাদের ব্যস্ততা। কলাকুশলীদের হাঁকডাক। এমনকী স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও সন্দিহান, ফের কবে শুটিং শুরু হবে, তা নিয়ে। আউটডোরে তালসারিতে গিয়ে শুটিং করার সময়ে প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর টলিপাড়ার উপলব্ধি, আমরা শুটিংয়ে যাচ্ছি, তবে বাড়ি ফিরতে পারব কিনা বুঝতে পারছি না…আমরা ভয়ে আছি। কারও অনুমান, এই অচলায়তন পরিস্থিতি কাটতে হয়তো একসপ্তাহ লাগতে পারে। তবে সময় লাগলেও তারকা থেকে কলাকুশলীদের সিংহভাগ মন খারাপ করতে নারাজ!আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি শুরু হয়েছে টলিউডে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখেই শুটিংয়ে সুরক্ষার দাবিতে একজোট হয়েছে অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান-সহ গোটা ইন্ডাস্ট্রি। এ দিন সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠকে বসেছে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here