কলকাতা: পলাশে মোড়া রাঙা মাটির পথেই রঙের উৎসবে মাতলেন সোহিনী সরকার (Sohini Sarkar)-শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কলকাতা নয়, শহর থেকে অনেক দূরে শান্তিনিকেতনে (Shantiniketan) কাটল দোল কাটল সোহিনী-শোভনের (Shovan-Sohini Dol Celebrates Shantiniketan)। রঙের উৎসব, আর আবিরে আবিরে নিজেদের ভাসিয়ে দিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বসন্তের সকালে পলাশ বনের ছোঁয়ায় প্রেমের আবিরে রাঙা হলেন টলিপাড়ার এই আদুরে জুটি। বিয়ের পর এটা শোভন-সোহিনীর দ্বিতীয় দোল, তবে এখনও যেন নতুন প্রেমের গন্ধ তাঁদের গায়ে।
শহুরে কোলাহল থেকে দূরে গিয়ে শান্তিনিকেতনের লাল মাটির দেশে বসন্তের সকালে নিজেদের মতো করে সময় কাটালেন তাঁরা পলাশের ছায়ায়, আবিরে রাঙা মুখে ধরা পড়েছে একান্ত আনন্দের মুহূর্ত। নিজেকে রাঙিয়ে নিয়েছেন সোহিনী সরকার। আর এই দোল উৎসবে তাঁর সাজপোশাকের মধ্যে ফুটে উঠেছে এক স্নিগ্ধ আভিজাত্য এবং সাবেকিয়ানা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একে অপরের চোখে চোখ রেখে হাসিতে মগ্ন এই দম্পতি—যেন রঙের উৎসবের মধ্যেই খুঁজে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত সময়।
আরও পড়ুন: দোল-উৎসবে মাতলেন যশ-নুসরত থেকে রণজয়-শ্যামৌপ্তি
দোলের সাজে চমক দিয়েছেন সোহিনী। দোলের সাজের জন্য সোহিনী বেছে নিয়েছেন সাদা ধুতি ও পাঞ্জাবি। সাবলীল ভঙ্গিতে পরা সেই পোশাকে ছিল একাধারে ঐতিহ্যের ছোঁয়া, আবার আধুনিকতার ইঙ্গিতও। হাতে শাঁখা ও লাল কাঁচের চুড়ি, চোখে রোদচশমা—সব মিলিয়ে তাঁর লুক ছিল বেশ সুন্দর।অন্যদিকে শোভনের পরনে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে হালকা রঙের ধুতি-প্যান্ট এবং গলায় ফুলের মালা, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসিমুখে গল্পে মগ্ন এই জুটি। দু’জনের গালই আবিরে রাঙা।
