ওয়েব ডেস্ক : রবিবার ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার (Odisha) তালসারি (Talsari) সমুদ্রসৈকতে প্রাণ হারিয়েছেলেন টলিউডের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। তাঁর আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে, অভিনেতার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। তার পরে দুপুরেই ফিরবে রাহুলের মৃত দেহ।
জানা গিয়েছে, একটি ধারাবাহিকের শ্যুটিং উপলক্ষে গোটা ইউনিট গিয়েছিল তালসারি এলাকায়। শ্যুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে একটি ড্রোন শট নেওয়ার জন্য সমুদ্রের জলে নামেন অভিনেতা (Actor)। হাঁটু সমান জলেই শ্যুটিং চলছিল। কিন্তু আচমকাই একটি প্রবল ঢেউ এসে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে দীঘা স্টেট হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সবাই অবাকর হয়েছেন। কেউ কেউ ঘটনা নিয়ে তদন্তের দাবি তুলেছেন।
আরও খবর : কীভাবে জলে তলিয়ে গেলেন রাহুল? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সহ-অভিনেতা
এই ঘটনার পরেই গভীর রাতে অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য তমলুক মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বিশেষ পরিস্থিতি বিবেচনায় সোমবার সকাল ১০ টায় ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের কর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। ময়নাতদন্তের পরই মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
রাহুলের (Rahul Banerjee) মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। দীর্ঘদিন ধরে থিয়েটার ও টেলিভিশনের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ছোট পর্দায় ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান। পরবর্তীতে সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ রাখেন। বিশেষ করে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন চর্চিত। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক ও কাজের জুটি দর্শকদের কাছে বেশ পরিচিত ছিল। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ‘সহজ কথা’ নামে তাঁর পডকাস্টও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। সাম্প্রতিক সময়ে আবার ধারাবাহিকে ফিরে এসে নতুন করে দর্শকদের মন জয় করছিলেন তিনি। কিন্তু তিনি এবার চলে গেলেন না ফেরার দেশে।
দেখুন অন্য খবর :

