মধ্যপ্রাচ্যে টানাপোড়েন, গ্যাসের জোগানে ভরসা ‘দূরের বন্ধু’ আর্জেন্টিনা

Must Read

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির জেরে যখন উপসাগরীয় দেশগুলি থেকে এলপিজি (LPG) সরবরাহে ধাক্কা লেগেছে, তখনই ভারতের পাশে দাঁড়াল ‘দূরের বন্ধু’ আর্জেন্টিনা (Argentina)। প্রায় ২০ হাজার কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে দক্ষিণ আমেরিকার (South America) এই দেশ থেকেই ভারতে আসছে রান্নার গ্যাস, যাতে দেশের জোগান ব্যবস্থায় কোনও ঘাটতি না হয়।

কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসেই আর্জেন্টিনা থেকে ভারতে এলপিজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে ২০২৫ সালে মোট আমদানি ছিল প্রায় ২২ হাজার টন, সেখানে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেই তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ হাজার টনে। এর মধ্যে ইতিমধ্যেই ২২ হাজার টন গ্যাস ভারতে পৌঁছে গিয়েছে। ৫ মার্চ আরও ১১ হাজার টন এলপিজি বোঝাই একটি জাহাজ ভারতের উদ্দেশে রওনা দিয়েছে, যা শীঘ্রই গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছানোর কথা।

আরও পড়ুন: লকডাউন নয়, গুজবেই আতঙ্ক! ‘প্রস্তুতি’ মন্তব্যে বিভ্রান্তি কাটাল কেন্দ্র

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা বন্দর থেকে দাহেজ পর্যন্ত এই দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে সময় ও খরচ, দু’টিই বেশি। তবুও বর্তমান পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই অগ্রাধিকার দিচ্ছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মাঝে এই পদক্ষেপ ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগস্টিন কওসিনো জানিয়েছেন, ভবিষ্যতেও ভারতের জ্বালানি চাহিদা মেটাতে তাদের দেশ প্রস্তুত। তিনি বলেন, আর্জেন্টিনায় পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে এবং দু’দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানিয়েছেন, জ্বালানি নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারত ইতিমধ্যেই ৪০টিরও বেশি দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করছে। সেই তালিকায় আর্জেন্টিনার সক্রিয় ভূমিকা নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This