প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সুখোই-৩০, শহিদ দুই বায়ুসেনা আধিকারিক

0
38

ওয়েবডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) একটি সুখোই-৩০ এমকেআই (Sukhoi-30 MKI) যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে অসমের (Assam) জোড়হাটে নিখোঁজ হয়ে যায় বিমানটি। শুক্রবার সকালে বায়ুসেনা নিশ্চিত করেছে, বিমানটি ভেঙে পড়েছে এবং দু’জন বায়ুসেনা আধিকারিক শহিদ হয়েছেন।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়হাট এয়ারবেস থেকে উড়েছিল ওই যুদ্ধবিমান। কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, বিমানটি কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে।

আরও পড়ুন: যুদ্ধের আবহেও বাড়বে না তেল-গ্যাসের দাম? দেশবাসীকে আশ্বাস মোদি

এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর শহিদ হয়েছেন। বায়ুসেনা তাঁদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের পর থেকে বিমানটির সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। পরে জোড়হাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

উল্লেখ্য, সুখোই-৩০ ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত এই দুই ইঞ্জিনের বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে সক্ষম। এতে রয়েছে উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। পাশাপাশি এটি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, রুদ্রম-৩ ও অস্ত্র ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং শব্দের গতির দ্বিগুণ বেগে উড়তে সক্ষম। তবে অতীতেও একাধিকবার এই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। অসমের এই ঘটনাটিও তেমনই এক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here