ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাতের (Middle East War) জেরে ভারত ভুগছে জ্বালানি সংকটে (Fuel Crisis)। রান্নার গ্যাস থেকে পেট্রোল, ডিজেল- সবেতেই দেশজুড়ে আকালের একটা ছবি দেখা যাচ্ছে। এই উদ্বেগের আবহে এবার কড়া সতর্কবার্তা দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas)। এবার থেকে খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রল বা ডিজেল সংরক্ষণ করা যাবে না, এমনকি কোনও পেট্রোল পাম্প থেকেও এভাবে জ্বালানি বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিল সরকার।
দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। অনেকেই বোতল বা অন্য পাত্রে পেট্রোল ও ডিজেল ভরে সংরক্ষণ করার চেষ্টা করছেন। এই অবস্থায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করার কোনও প্রয়োজন নেই। বিশেষ করে বোতল বা অনিরাপদ পাত্রে পেট্রোল-ডিজেল রাখা অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে কেন্দ্র।
আরও পড়ুন: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে কত টাকা ক্ষতি হল দেশের শেয়ার বাজারে?
একই সঙ্গে পেট্রোল পাম্পগুলিকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ম ভেঙে খালি বা অনুপযুক্ত পাত্রে জ্বালানি বিক্রি করা যাবে না। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তামিলনাড়ুর একটি পেট্রোল পাম্প থেকে এক গ্রাহককে অনুপযুক্ত পাত্রে পেট্রোল দেওয়া হয়েছিল। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট পাম্প মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এদিকে এলপিজি সিলিন্ডার নিয়েও কিছু জায়গায় উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের অভিযোগ, অনলাইনে সিলিন্ডার বুকিং করতে সমস্যা হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় গ্যাসের দোকানের সামনে ভিড় দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে হঠাৎ করেই এলপিজি সিলিন্ডারের বুকিং বেড়ে গিয়েছে। যে হারে বুকিং বাড়ছে, তা সরবরাহের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি করছে ঠিকই, তবে এখনও পর্যন্ত কোথাও সিলিন্ডারের ঘাটতির খবর পাওয়া যায়নি।
দেখুন আরও খবর:
