এক ধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাস!

0
45

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বড় ধাক্কা খেল সাধারণ মানুষ। রান্নার গ্যাসের দামে (Domestic Gas) এক লাফে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি করল তেল বিপণন সংস্থাগুলি। নতুন দামে আগামী ৭ মার্চ থেকে ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৯৩৯ টাকা (LPG Cylinder Price Hike)। আগে যেখানে এই সিলিন্ডার পাওয়া যেত ৮৭৯ টাকায়, সেখানে নতুন দামে গ্যাস কিনতে গিয়ে বাড়তি খরচ পড়বে গ্রাহকদের।

শুধু ঘরোয়া গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। সংশোধিত দামে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৯৯৯ টাকা। এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতে! রান্নার গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম। চলতি বছরের ১ জানুয়ারি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছিল ১১১ টাকা। এরপর ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা বাড়ানো হয়। ১ মার্চ সংশোধিত দামে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম প্রায় ২০০০ টাকার কাছাকাছি পৌঁছে গেল।

এতদিন পর্যন্ত স্বস্তির বিষয় ছিল, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া এলপিজির দামে কোনও পরিবর্তন করা হয়নি। তবে এবার সেই স্বস্তিও শেষ। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ঘরোয়া গ্যাসের বাজারেও।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরই অনেকাংশে নির্ভর করে পেট্রোলিয়াম পণ্যের দাম। সাম্প্রতিক সময়ে আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবেই ভবিষ্যতে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নতুন করে এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও সাধারণ মানুষের সংসারের খরচে আরও চাপ বাড়াবে বলেই মত বিশ্লেষকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here