ওয়েব ডেস্ক: মোবাইল রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) মেয়াদ ২৮ দিনের বদলে ৩০ দিন করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। সংসদে বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে জোরালো সওয়াল করেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। এবার সেই ইস্যুতে কেন্দ্রের অবস্থান স্পষ্ট হল। জানা গিয়েছে, মোবাইল রিচার্জের বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় সরকার টেলিকম সংস্থাগুলিকে বিশেষ আর্জি জানাতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।
বর্তমানে এয়ারটেল (Airtel), জিও (Jio) এবং ভোডাফোন-আইডিয়ার (Vodafone Idea) মতো বড় টেলিকম সংস্থাগুলির অধিকাংশ প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। ফলে গ্রাহকদের বছরে ১২ বার নয়, কার্যত ১৩ বার রিচার্জ করতে হয়। এই বিষয়টিকেই ‘অন্যায্য’ বলে সংসদে সরব হন রাঘব চাড্ডা। সংসদে তিনি অভিযোগ করেন, রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এমনকি জরুরি ওটিপি বা গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছয় না। এতে সাধারণ মানুষ জরুরি পরিস্থিতিতে সমস্যায় পড়েন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: স্মার্টফোন ছেড়ে এখন ‘বোকা ফোনে’ ঝুঁকছে নয়া প্রজন্ম! উল্টো ঘুরছে বিশ্ব?
এই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI) ইতিমধ্যেই সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে প্রতিটি ক্যাটাগরিতে অন্তত একটি ৩০ দিনের ভ্যালিডিটি প্ল্যান রাখা হয়। ২০২২ সালের এই নির্দেশিকার উদ্দেশ্যই ছিল গ্রাহকদের উপর অতিরিক্ত রিচার্জের চাপ কমানো। ২৮ দিনের প্ল্যানের পাশাপাশি ৩০ দিনের বিকল্প চালু হলে বছরে অতিরিক্ত একবার রিচার্জ করার প্রয়োজন হবে না। পাশাপাশি ডেটা নষ্ট হওয়া ও ঘন ঘন রিচার্জের ঝামেলাও কমবে বলে মনে করছে সরকার।
দেখুন আরও খবর:

