ওয়েব ডেস্ক: বঙ্গ ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে ত্রিপুরা (Tripura) থেকে এল বড় রাজনৈতিক বার্তা। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনে ভরাডুবির মুখে বিজেপি (BJP)। ২৮ আসনের এই স্বশাসিত পরিষদে শেষ খবর পর্যন্ত মাত্র ৫টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা একাই এগিয়ে ২১ আসনে। বাকি আসনে এগিয়ে আইপিএফটি ও নির্দল প্রার্থীরা। বামফ্রন্ট ও কংগ্রেস কার্যত লড়াইয়ের বাইরে।
এই ফলাফলের নেপথ্যে জোট ভাঙাকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। একসময় আইপিএফটি এবং তিপ্রা মোথার সঙ্গে জোটে ছিল বিজেপি। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধের জেরে এডিসি নির্বাচনের আগে সেই জোট ভেঙে যায়। ফলে ২৮টি আসনেই একাই লড়াই করে বিজেপি, যা শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
আরও পড়ুন: অধ্যাপকদের পোলিং ডিউটি নিয়ে কমিশনকে ধাক্কা, সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের
ভোটের আগে প্রচারে ঝাঁপিয়েছিলেন রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক বিজেপি নেতা। তবুও মাটিতে সংগঠনের ঘাটতি এবং জোটসঙ্গীদের দূরে ঠেলে দেওয়ার প্রভাব স্পষ্ট হয়েছে ফলাফলে। ভোটের দিনও অশান্তির একাধিক অভিযোগ ওঠে গুলি, বোমাবাজি থেকে শুরু করে বুথ দখলের অভিযোগ পর্যন্ত। বিশেষ করে তিপ্রা মোথা ও বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একাধিক এলাকা।
ভোটের হারও ছিল উল্লেখযোগ্য ৭০ শতাংশের বেশি। গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় তিপ্রা মোথার এগিয়ে থাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর-পূর্বে এই ফল বিজেপির জন্য অস্বস্তির, বিশেষ করে যখন বাংলার ভোটে ত্রিপুরা মডেলকে তুলে ধরার চেষ্টা করছে গেরুয়া শিবির। তারই মধ্যে এই ফলাফল নতুন করে চাপে ফেলতে পারে বিজেপিকে।
