ওয়েব ডেস্ক: গাঁজা রাখা থেকে শুরু করে ক্রিকেট ম্যাচের ভবিষ্যদ্বাণী- বিভিন্ন বিতর্কে জড়িয়ে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং (Abhay Singh)। আর এবার তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে নিজের ব্যক্তিগত জীবনের জন্য। সম্প্রতি বিয়ে (Married) করেছেন তিনি মহাকুম্ভের (Maha Kumbh) এই ভাইরাল সন্ন্যাসী। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন হিমাচলপ্রদেশে কর্নাটকের ইঞ্জিনিয়ার প্রতীকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভয়। পরে নবদম্পতি হরিয়ানার ঝাজ্জরে অভয়ের বাড়িতে ফিরে যান। সেখানে পরিবারের তরফে ঐতিহ্য মেনে তাঁদের বরণ করে নেওয়া হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁদের দেখতে ও ছবি তুলতে ভিড় জমাতে থাকেন বহু মানুষ।
প্রতীকার কথায়, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয়। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তিনি অভয়কে সরল, সৎ এবং সত্যবাদী মানুষ বলে বর্ণনা করেছেন। বিয়ের পর তাঁরা সুখেই রয়েছেন বলেও জানান। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ইতিমধ্যেই ভাবনা শুরু করেছেন এই দম্পতি। তাঁদের লক্ষ্য, একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলা, যেখানে আধুনিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষার সমন্বয় ঘটানো হবে।
আরও পড়ুন: বিরাট সুখবর! LPG বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করল কেন্দ্র, কারা পাবেন সুবিধা? দেখুন
উল্লেখ্য, হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা অভয় সিং পড়াশোনা করেছেন আইআইটি বম্বে থেকে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি কেরিয়ারের পথ বদলান। পরে ডিজাইন নিয়ে পড়াশোনা করেন এবং কিছুদিন ফটোগ্রাফি ও পদার্থবিদ্যার প্রশিক্ষণ দেওয়ার কাজও করেন। তবে শেষমেশ বিজ্ঞান জগৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথে হাঁটার সিদ্ধান্ত নেন অভয়। দীক্ষা নেওয়ার পর নিজের নাম পরিবর্তন করে ‘মাসানি গোরখ’ রাখেন বলে দাবি তাঁর। শিবের উদ্দেশে জীবন উৎসর্গ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
গত মহাকুম্ভ মেলায় সাবলীল ইংরেজিতে আধ্যাত্মিক আলোচনা করে ভাইরাল হয়ে ওঠেন অভয়। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-তে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, পাকিস্তানই জিতবে। কিন্তু বাস্তবে ভারত জেতায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান। এর পাশাপাশি একটি টিভি চ্যানেলের বিতর্কসভায় হামলার অভিযোগ তোলেন অভয়। তাঁর দাবি, গেরুয়া পোশাক পরা কিছু ব্যক্তি নিউজরুমে ঢুকে তাঁকে মারধর করেন। ঘটনাটি ঘটে নয়ডায়। আরও একটি ঘটনায় জয়পুরে একটি হোটেল থেকে গাঁজা-সহ আটক করা হয় তাঁকে। যদিও অভয়ের দাবি ছিল, সেটি ‘প্রসাদ’। অল্প পরিমাণ থাকার কারণে পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
দেখুন আরও খবর:

