‘অভিমানী’ অসিতের পা ছুঁয়ে প্রণাম, দেবাংশুর সৌজন্যে মিটল দলের সঙ্গে দূরত্ব? দেখুন বড় খবর

Must Read

হুগলি: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে বিরল সৌজন্যের ছবি ধরা পড়ল চুঁচুড়ার রাজনৈতিক ময়দানে। বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar) বাড়িতে একসঙ্গে দেখা গেল তৃণমূল (Trinamool Congress) প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ও বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহাকে (Sunil Saha)। আর সেখানেই দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য। বাম প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করে শুভেচ্ছা জানালেন তৃণমূল প্রার্থী দেবাংশু।

বুধবার রাতে চুঁচুড়ার প্রিয়নগরে অসিত মজুমদারের বাড়িতে যান সুনীল সাহা। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বিদায়ী বিধায়ক। সেই সময়ই সেখানে পৌঁছন দেবাংশু ভট্টাচার্য। সুনীল সাহাকে দেখে এগিয়ে গিয়ে প্রণাম করেন তিনি। এরপর দুই প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরেন এবং কিছুক্ষণ রাজনৈতিক আলোচনা করেন। শুধু সুনীল সাহাই নন, পরে অসিত মজুমদারের কাছেও আশীর্বাদ নিতে যান দেবাংশু। পায়ে হাত দিয়ে প্রণাম করেন তাঁকে। অভিমানী অসিতও তাঁকে সস্নেহে জড়িয়ে ধরেন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে।

আরও পড়ুন: উন্নয়নের গ্রামারে বাজিমাত করবেন মাস্টারমশাই? জামালপুরে তৃণমূলের বাজি ‘ভূমিপুত্র’ ভূতনাথ মালিক

টিকিট না পাওয়ায় অভিমানে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনবারের বিধায়ক অসিত মজুমদার। জানিয়েছিলেন, তিনি ওকালতিতে ফিরবেন এবং ব্যক্তিগত জীবনেই সময় কাটাবেন। সেই অভিমান ভাঙাতেই তাঁর বাড়িতে যান দেবাংশু বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই সাক্ষাতের পর দেবাংশু বলেন, “অসিত দা সিনিয়র মানুষ। তাঁর কাছ থেকে আশীর্বাদ নিতে সবাই আসবে। সুনীল সাহার সঙ্গে দেখা হতেই তাঁকে প্রণাম করেছি। এটাই চুঁচুড়ার সংস্কৃতি, এখানেই এর বিশেষত্ব।”

এদিকে অসিত মজুমদার জানান, তাঁর সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দলের কর্মীরা প্রার্থীকে জেতাতে কাজ করবেন। যদিও ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। অন্যদিকে এই ঘটনাকে সম্পূর্ণ সৌজন্যের নজির বলেই ব্যাখ্যা করেছেন বাম প্রার্থী সুনীল সাহা।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This