কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে বাংলা-অসম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই আবহেই কোচবিহারের (Cooch Behar) বক্সিরহাট (Boxirhat) থানা এলাকায় নাকা চেকিং চালিয়ে তিনটি গাড়ি থেকে মোট ৩ লক্ষ ১৩ হাজার ৮৫৭ টাকা উদ্ধার করল পুলিশ (Police) ও এসএসটি টিম। ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অসম থেকে বাংলায় (West Bengal) প্রবেশের পথে জোড়াই মোড় এবং সংকোশ এই দুই গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছিল। জোড়াই মোড়ে একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগ থেকে ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা দার্জিলিংয়ের বাসিন্দা বীরেন্দ্র সাহা ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। একই সময়ে সংকোশ নাকা চেকিং পয়েন্টে কুমারগ্রামের বারবিশার বাসিন্দা বিকাশ সাহার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। তিনিও টাকার কোনও বৈধ প্রমাণ দিতে পারেননি।
আরও খবর : ভোটের আগে সীমান্তে কড়া নজরদারি পুলিশের, চলছে নাকা চেকিং
এরপর ২৪ ঘণ্টার মধ্যে সোমবার সকালে ফের সংকোশ নাকা পয়েন্টে অভিযান চালিয়ে অসম নম্বরের একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় আরও ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। অসমের বাসিন্দা টোটন ভৌমিক টাকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই অর্থও বাজেয়াপ্ত করে পুলিশ (Police)।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে সঠিক নথি ছাড়া নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ অর্থ বহন করা দণ্ডনীয়। তাই সমস্ত ক্ষেত্রেই বৈধ কাগজপত্র না থাকায় টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোনও অসাধু কাজে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন অন্য খবর :

