হুগলি: ভোটের আগে ফের উত্তপ্ত হুগলি (Hooghly)। দেওয়াল লিখনকে কেন্দ্র করে সপ্তগ্রামে তৃণমূল (TMC) ও সিপিএমের (CPIM) মধ্যে বচসা থেকে অশান্তির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি হুগলির সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া এলাকার গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন এলাকায়।
অভিযোগ, সিপিএম কর্মীরা প্রার্থী অনির্বাণ সরকারের সমর্থনে দেওয়াল লিখছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা এসে আপত্তি জানান এবং দেওয়াল মুছে দেওয়ার কথা বলেন। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বাধে, যা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। সিপিএমের দাবি, তাদের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে।
আরও পড়ুন: জয়ের প্রার্থনায় বড়মার মন্দিরে দেবাংশু!
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাহিদের দাবি, নির্বাচন ঘোষণার আগেই সিপিএম কর্মীরা একাধিক দেওয়াল দখল করে চুনকাম করছিল। এমনকি তৃণমূলের দেওয়ালও তারা দখল করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে শুধু সামান্য বচসা হয়েছে, কোনও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর।
অন্যদিকে, সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার অভিযোগ করেছেন, তৃণমূল পরিকল্পিতভাবে তাঁদের প্রচারে বাধা দিচ্ছে। তাঁর কথায়, “দেওয়াল লিখনের মতো প্রাথমিক প্রচার থেকেই বাধা দেওয়া হচ্ছে। এতে শান্তিপূর্ণভাবে ভোট হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।” তিনি জানান, বিষয়টি দলীয় নেতৃত্ব ও নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে সপ্তগ্রামে। ভোটের আগে এ ধরনের ঘটনা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

