মনোনয়নের ডেডলাইনে সুপ্রিম হস্তক্ষেপ, রতুয়ার প্রার্থীকে ‘লাইফলাইন’ ট্রাইবুনাল শুনানি

Must Read

কলকাতা: প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিনেই নাটকীয় মোড়। রতুয়ার (Ratua) কংগ্রেস (Congress) প্রার্থী মুস্তাকিম আলামের মামলায় জরুরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে, আজ বেলা ১২টার মধ্যে এসআইআর ট্রাইবুনালকে তাঁর আবেদন নিয়ে সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করতে হবে।

জানা গিয়েছে, জুডিশিয়াল অফিসারদের পর্যালোচনায় অতিরিক্ত তালিকা থেকে নাম বাদ পড়ে মুস্তাকিম আলামের। ফলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় মনোনয়ন দাখিল নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে, ট্রাইবুনালের কাজ এখনও শুরু না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী।

আরও পড়ুন: ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার দিনেই ধোঁয়াশা, নাম বাদ পড়লে ভোট দেবেন কীভাবে?

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সময় নষ্ট না করে অবিলম্বে শুনানি শুরু করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, আবেদন গ্রহণ করা হলে মুস্তাকিম আলাম আজই বেলা ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে এই রায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা এবং ট্রাইবুনালের বিলম্বিত কাজের মধ্যেই প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

মনোনয়নের শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে আপাতত কিছুটা স্বস্তি মিললেও, বৃহত্তর প্রশ্ন থেকেই যাচ্ছে—যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং মামলা বিচারাধীন, তাঁদের ক্ষেত্রে একই রকম দ্রুত সমাধান মিলবে কি? ভোটের আগে সেই উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This