কলকাতা: লোকসভা হোক বা বিধানসভা, যেকোনও হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকায় (TMC Candidate List 2026) তারকাদের নামের চমক দেখা গিয়েছে বারংবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টিকিটে ভোটের ময়দানে কখনও মিমি চক্রবর্তী, কখনও নুসরত জাহান, কখনও বা কাঞ্চন মল্লিকদের নামতে দেখা গিয়েছে। এমনকি গত লোকসভা নির্বাচনেও রচনা বন্দ্যোপাধ্যায়কেও প্রার্থী করে চমক দিয়েছিল শাসকদল।
তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে সেই তৃণমূলের প্রার্থীতালিকার সেই চেনা ছবিটা বদলাতে শুরু করেছে। দীর্ঘ জল্পনার পরেও ইমন চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা পরমব্রত চট্টোপাধ্যায়দের নাম দেখা যায়নি তালিকায়। বলা বাহুল্য, ঘাসফুল শিবিরের তালিকায় কোনও নতুন টলিউডি মুখই দেখা গেল না। বরং পুরানোদের উপরেই আস্থা রেখেছে দল। তবে তারকাদের মহল থেকে এবার টিকিট দেওয়া হয়নি কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তীদেরও।
আরও পড়ুন: ইমনকে টিকিট দিলেন না মমতা, সে নিয়ে যা বললেন ইমন
কম হলেও তৃণমূলের প্রার্থীতালিকা একেবারে তারকাহীন নয়। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি এবং চন্দননগরে ইন্দ্রনীল সেনকে প্রার্থী করেছে তৃণমূল। পাশাপাশি অভিনেতা সোহম চক্রবর্তীকেও প্রার্থী করা হয়েছে। যদিও তাঁকে এবার কেন্দ্র বদলে করিমপুরে পাঠানো হয়েছে। এদিকে নতুন মুখ হিসেবে একমাত্র সংযোজন শ্রেয়া পাণ্ডে, যিনি মানিকতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এবার তৃণমূল চমকের পথে না হেঁটে পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছে।
দেখুন আরও খবর:

