চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, কোথায় বাদ কত নাম?

0
112

কলকাতা: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআর-এর (SIR) চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)। কোথায় কত নাম বাদ গেল, তা নিয়েই এখন জোর চর্চা। শেষ পাওয়া খবর রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারের জেলাশাসক জানিয়েছেন, জেলায় মোট ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জনের নাম ভোটার তালিকায় রয়েছে। এর মধ্যে ৮০ হাজার ৪৯৪ জনের অবস্থা অমীমাংসিত। বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম এবং নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকাকে ঘিরে সতর্কতা! চার জেলায় মোতায়েন সিনিয়র IPS অফিসার

কোচবিহার 

কোচবিহার জেলায় মোট কতজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য দেয়নি জেলা নির্বাচন বিভাগ। বিকেল পাঁচটায় কোচবিহার জেলা শাসকের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকেই সমস্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে তালিকা দেওয়া হয়েছে সেখানে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের নাম উল্লেখ নেই। তবে যেসব নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, সেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া নামগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

উত্তর দিনাজপুর

আসন্ন ভোটকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইসলামপুর বিডিও অফিস চত্বর থেকে রুট মার্চ শুরু করেন জওয়ানরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, ভোটকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল ইসলামপুর থানার পুলিশ বাহিনীও। শহরের ব্যস্ত বাজার এলাকা, একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও চিহ্নিত সংবেদনশীল অঞ্চল ঘুরে দেখেন জওয়ানরা। ভোটের আগে প্রশাসনের এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় যে বাড়তি জোর দেওয়া হয়েছে, তা স্পষ্ট বলেই মনে করছেন স্থানীয়রা।

মালদহ 

মালদহ জেলায় বাড়ানো হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। শুক্রবার গভীর রাত থেকে জেলায় এসে পৌঁছায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পৌঁছানোর পরপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলার বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ শুরু করেন জওয়ানরা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। শনিবার সকালেও মালদহের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে যাতে কোথাও কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছে প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর

এসআইআর প্রক্রিয়া ঘিরে বড় তথ্য সামনে এল দক্ষিণ দিনাজপুরে। প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী, প্রথম খসড়া তালিকায় বাদ পড়েছিলেন ৮০ হাজার ৯৮৪ জন ভোটার। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে আরও ২১ হাজার ৮০৩ জনের নাম বাদ গিয়েছে। অন্যদিকে, সংশোধনের পর নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৩ হাজার ৩০৪ জন ভোটার। সব মিলিয়ে জেলায় মোট বাতিল হওয়া নামের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৮৩।

এছাড়াও, এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন ভোটার। এদিন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের দপ্তরে জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ইলেক্টোরাল রোল তুলে দেন। ফলে আগামী নির্বাচনের আগে জেলার ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, দুপুরের পর থেকেই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে কার নাম মীমাংসিত, অমীমাংসিত বা বাতিল। কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে তালিকা পাওয়া যাবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর লিখে সহজেই জানা যাবে নাম রয়েছে কি না, কিংবা কোনও সংশোধন হয়েছে কি না। পাশাপাশি জেলা ভিত্তিক জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও একই সুবিধা মিলবে, ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা আরও সহজ হবে বলে মনে করছে কমিশন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here