জঙ্গিপুরের সভা থেকে পার্থকে কড়া বার্তা মোদি

0
35

জঙ্গিপুর: জঙ্গিপুরের সভা (Jangipur) থেকে তৃণমূলকে (TMC) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যুবসমাজকে ঠকানো হয়েছে।

মোদির বক্তব্য, “শিক্ষক নিয়োগের তদন্তে দেখা গেল, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। এভাবেই যুবকদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে।”

আরও পড়ুন: ‘ভোটের পর হিসাব নেব’ ওন্দা থেকে তৃণমূলকে নিশানা শাহর

তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। “এগুলো আর চলবে না, সব হিসাব হবে,” সভা থেকে স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। যুবকদের কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ফের একবার জোরালভাবে সামনে আনেন।

পাশাপাশি হুমায়ূন কবীরকেও কটাক্ষ করেন মোদি। বলেন,  ‘‘ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয় দেখতে পাচ্ছে। তাই ওরা এআই কাজে লাগিয়ে ভুয়ো ভিডিয়ো বানিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। অসম আর পুদুচেরীতেও এটা করেছে। আমি আপনাদের সতর্ক করছি, এগুলোতে ভুলবেন না। দলে দলে ভোট দিতে বেরোন। বিজেপিকে জয়ী করুন।’’

উল্লেখ্য, ভোটমুখী বাংলায় হুমায়ুন কবীরের (Humayun Kabir) ভাইরাল ভিডিওকে (Viral Video) ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিয়ো প্রকাশ হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, মুর্শিদাবাদে বাবরি মসজিদের আবেগ ব্যবহার করে রাজ্যে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন হুমায়ুন কবীর। পাশাপাশি হুমায়ুনের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ১০০০ কোটি টাকার ডিল হয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু, সেই বিষয়টি উল্লেখ না করে, তৃণমূল ‘ভুয়ো ভিডিয়ো’ বানাচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here