কলকাতা: ভোটের প্রচার শুরুর আগে দেবীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বর (Dakshineswar)। কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র (Madan Mitra) সকালেই মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন নির্বাচনী প্রচার। এদিন তাঁর সঙ্গে ছিলেন কামারহাটি পুরসভার পৌরপ্রধান গোপাল সাহা। পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি তোলা, হাত মেলানো এবং হাত জোড় করে ভোট প্রার্থনাও করেন মদন মিত্র।
তবে এদিন সবচেয়ে নজর কাড়ে তাঁর হাতের দুটি বই ‘বর্ণপরিচয়’ ও ‘সহজপাঠ’। এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, এই বই দু’টি বাংলার অস্মিতা ও ঐতিহ্যের প্রতীক। তাঁর অভিযোগ, এই ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। তাই এই বইকে সামনে রেখেই প্রচারে নামার পরিকল্পনা করেছেন তিনি। জানা গিয়েছে, প্রচারের অংশ হিসেবে এই বই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: জয়ের প্রার্থনায় বড়মার মন্দিরে দেবাংশু!
উল্লেখ্য, কামারহাটি কেন্দ্র থেকে টানা চারবার তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন মদন মিত্র। প্রার্থী ঘোষণার পরই জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি, আর এবার দক্ষিণেশ্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন। নিজের চেনা রঙিন মেজাজে জনসংযোগেও নেমে পড়েছেন তিনি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি মদন।
এদিকে এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ফলে আগামী দিনে কামারহাটিতে রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।

