দুঁদে গোয়েন্দা থেকে বিতর্কিত রাজ্যপাল! বাংলার নতুন রাজ্যপাল আর.এন. রবিকে চিনে নিন…

0
102

ওয়েব ডেস্ক: ভোটের আগে আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কেন তিনি পদ ছাড়লেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন যে আর.এন. রবি (R.N. Ravi)-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। যদিও এ বিষয়ে তাঁর সঙ্গে আগাম কোনও আলোচনা হয়নি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ফলে প্রশ্ন উঠছে, কে এই আর.এন. রবি?

রবীন্দ্র নারায়ণ রবি, সংক্ষেপে আর.এন. রবি, জন্ম ৩ এপ্রিল ১৯৫২ সালে বিহারের পটনায়। ছাত্রজীবন থেকেই মেধাবী ছিলেন তিনি। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে দেশের গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়। দীর্ঘদিন তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহ দমন এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ২০১৪ সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ফের নদিয়ায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

নাগা শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর

আর.এন. রবির প্রশাসনিক জীবনের অন্যতম বড় সাফল্য হল নাগা শান্তি আলোচনা। ভারত সরকারের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সঙ্গে দীর্ঘদিনের সংঘাত মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এই কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাঁকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়।

২০১৯ সালে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন এবং একই সঙ্গে কিছু সময় মেঘালয়ের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও সামলান। পরে ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তামিলনাড়ুতে দায়িত্ব পালনকালে ডিএমকে সরকার ও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে তাঁর একাধিক সংঘাত প্রকাশ্যে আসে। ২০২৩ সালে স্ট্যালিন তাঁকে ‘কেন্দ্রের এজেন্ট’ বলেও কটাক্ষ করেছিলেন। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে ১২টি বিল আটকে রাখার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টেও যায় তামিলনাড়ু সরকার।

এবার বাংলার রাজভবনে

এবার সেই বিতর্কিত ও প্রভাবশালী প্রশাসক আর.এন. রবি-ই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন বলে খবর। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, গত কয়েক বছরে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে যে সংঘাত দেখা গিয়েছে, আর.এন. রবির আমলেও কি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here