কলকাতা: বিচারাধীন ভোটারদের তালিকা ঘিরে বিতর্কের মাঝে সোমবার গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে প্রথম দফার ১৫২টি বিধানসভা আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকাও আপলোড করা শুরু হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন ও সিইও দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই চূড়ান্ত তালিকা (Final Voter List) দেখা যাচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এর (SIR) খসড়া তালিকা প্রকাশের পর কতজন নতুন ভোটার যুক্ত হলেন, বিচার বিভাগের নিষ্পত্তির ফলে কতজনের নাম বাদ গেল, এবং ফর্ম ৬-এর মাধ্যমে কত নাম অন্তর্ভুক্ত হয়েছে—তার পূর্ণাঙ্গ হিসেব এবার বুথভিত্তিকভাবে প্রকাশ করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি বুথের তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেই নির্দিষ্ট বুথে কতজন ভোটারের নাম বিচার বিভাগের নির্দেশে বাদ পড়েছে। ফলে ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা বাড়ানোর দিকেই এগোচ্ছে কমিশন।
আরও পড়ুন: ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিচারাধীন তালিকায় থাকা মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের ক্ষেত্রে নিষ্পত্তি হয়ে গেলেও এখনও ই-স্বাক্ষরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া ভোটারের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন।
কীভাবে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকা?
- ভোটার তালিকা দেখতে হলে প্রথমে নির্বাচন কমিশন বা সিইও দফতরের ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে ‘SIR FINAL ROLL REV 2’ অপশনে ক্লিক করতে হবে।
- এর পর নিজের বিধানসভা কেন্দ্র এবং সংশ্লিষ্ট বুথ নির্বাচন করলেই সেই বুথের সম্পূর্ণ ভোটার তালিকা সামনে চলে আসবে।
- ওই তালিকাতেই দেখা যাবে কারা ভোটার হিসেবে রয়েছেন এবং কারা বিচার বিভাগের নিষ্পত্তির ভিত্তিতে বাদ পড়েছেন।
- তালিকার একেবারে শেষ পাতায় সংশ্লিষ্ট বুথের মোট চূড়ান্ত ভোটার সংখ্যাও উল্লেখ করা রয়েছে, পাশাপাশি কতজনের নাম বাদ গিয়েছে তাও স্পষ্টভাবে দেওয়া আছে।
দেখুন আরও খবর:
