ফের নাকতলায় পার্থর বাড়িতে ইডির হানা!

0
54

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) ফের তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার (Naktala) বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রায় ৭-৮ জনের একটি দল এই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই এই অভিযান। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সরাসরি তল্লাশি চালাচ্ছে ইডি। এর আগে অবশ্য এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

আরও পড়ুন: ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? নাকি বাড়বে গরম?

একইসঙ্গে রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও পৌঁছেছেন ইডির আধিকারিকরা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও হানার খবর মিলেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বিতর্কে রয়েছেন তিনি; আদালতের নির্দেশে তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিও বাতিল হয়েছে। সব মিলিয়ে রাজ্যের অন্তত ১৩টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সভা থেকে সিবিআই-ইডি প্রসঙ্গে কটাক্ষও করেছিলেন তিনি। তার পরের দিনই রাজ্যের একাধিক প্রভাবশালী নেতার বাড়িতে ইডির এই অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here