তারাপীঠ থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু, ফুলিয়ায় শোকের ছায়া

0
25

বীরভূম: তারাপীঠে (Tarapith Puja) পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নদিয়ার (Nadia) ফুলিয়া বাসস্ট্যান্ড (Phulia Bus Stand) পাড়ার বাসিন্দা ৩৮ বছরের বিকাশ পালের। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও এক পুত্রকে নিয়ে কোনওমতে সংসার চালাতেন তিনি। ফুলিয়া বাজারে একটি লটারির দোকান চালিয়েই ছিল তাঁর জীবিকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাজার বন্ধ থাকায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারাপীঠে মা তারার পুজো দিতে গিয়েছিলেন বিকাশবাবু। ফেরার পথে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে ঢোকার কিছুটা আগে চলন্ত ট্রেনের দরজা থেকে আচমকাই পড়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুর তৎপরতায় স্থানীয়দের সাহায্যে দ্রুত তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রথম বাঙালি কেন্দ্রীয় নেতা মুকুল রায়কে শ্রদ্ধা জানাতে এত নীরব কেন বিজেপি?

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থাতেই বিকাশবাবু ফুলিয়ায় তাঁর দাদাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে রাতেই পরিবার-পরিজন ও এলাকাবাসীরা হাসপাতালে পৌঁছন। বর্তমানে তাঁর সঙ্গী বন্ধু হাসপাতালে রয়েছেন। এদিন সকালে ময়নাতদন্তের পর দেহ ফুলিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শান্তিপুর থানায় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়েছেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here