কলকাতা: মাত্র দেড় ঘণ্টার সফরে বাংলায় আসছে অমিত শাহ (Amit Shah West Bengal Visit)। আজ, বুধবার দুপুরে মায়াপুরের ইসকনে ( Mayapur ISKCON) ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী যোগ দিতে মায়াপুরে যাবেন অমিত শাহ (Amit Shah)। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে যাবেন গল্ফ কার্টে। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে। বৈদিক গুরুকুলের ছাত্রেরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে।
উল্লেখযোগ্য ভাবে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে শাহ। কিন্তু এদিন বঙ্গে অমিত শাহের কোনও রাজনৈতিক সভা নেই। ভোটের আগে বাংলায় এসেও নেই কোনও দলীয় বৈঠক। বরং সামরিক হেলিকপ্টারে করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবেন মায়াপুরে। কার্যত দেড় ঘণ্টা ঝটিকা সফরে এসে মায়াপুর ও নদিয়ার মানুষকে বার্তা দিতে পারেন শাহ।অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে তৎপর নদিয়া জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক দফায় পরিদর্শন সেরে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা। শেষ মুহূর্তের প্রস্তুতিও খুঁটিয়ে দেখছে প্রশাসন।
আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!
মন্দিরের ভিতরে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী। মায়াপুরে অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে অমিত শাহ প্রথমে ইসকনের শঙ্খ ভবনে পৌঁছবেন। সেখান থেকে রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করবেন।সূত্রের দাবি, প্রথমে ইসকনের শঙ্খভবনে যেতে পারেন তিনি। এরপর সেখান থেকে যাবেন পদ্মভবনে। মায়াপুরে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর আগে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শাহ। এরপর নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনেও মোদির ডেপুটি অংশ নিতে পারেন বলে মায়াপুর মন্দির সূত্রে খবর।
