এবার চা শ্রমিকদের জন্য কোভিড টিকাকরণের ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর। সারা সপ্তাহ নিজেদের কাজে ব্যস্ত থাকেন চা শ্রমিকরা। তাঁরা সপ্তাহশেষে একটা ছুটি পান। সেই ছুটির দিনে বাগান থেকে ১৪ কিলোমিটার দূরে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার মত বিশেষ কোনো ব্যাবস্থা থাকে না। যার ফলে সমস্যায় পড়তে হয় সেই শ্রমিকদের। যে কারণে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে বাগানেই ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার প্রথম ডোজ দেওয়া হল গয়েরকাটা চা বাগানের হাসপাতালে। দু’দিন আগেই ধূপগুড়িতে আসেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা ওএসডি ডা: সুশান্ত রায়। তিনি বলেন, ”সব শ্রমিক এবং বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হবে। দুয়ারে ভ্যাকসিন চালু করা হবে।” সেই কথামত টিকাকরণের প্রক্রিয়া চালু হতে খুশি চা শ্রমিকরা। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে প্রথমে চা বাগানগুলিতে এবং পরে বনবস্তি এলাকায় টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে। শনিবার দুপুরে ৪৫ জন চা শ্রমিক টিকা নিয়েছে বলে জানা গেছে।