বদ্রীনাথ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৬ জনের

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডের (Uttarakhand) জোশীমঠের কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের। নিহতদের মধ্যে রয়েছেন পাইলট ক্যাপ্টেন হিমাংশু সভরওয়াল। বাকি পাঁচ যাত্রীই কর্নাটকের বাসিন্দা। তাঁরা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচএস নটরাজ। বদ্রীনাথ দর্শন সেরে দেহরাদুনে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ বদ্রীনাথ থেকে উড়ান শুরু করেছিল ট্রান্স ভারত অ্যাভিয়েশনের হেলিকপ্টারটি। তুষারপাতের মধ্যে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই জোশীমঠ উপত্যকার কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চামোলি জেলার জোশীমঠের কাছে চায় গ্রামের এলাকায় হেলিকপ্টারটি পাহাড়ের গায়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল ছিল মারওয়াড়ি সেতুর কাছে জেপি পাওয়ার হাউস সংলগ্ন এলাকা।

আরও খবর :  ১০ বছরে উত্তরাখণ্ডে ১৩টি কপ্টার দুর্ঘটনা, মৃত্যু ২৭ জনের! পাহাড়ি আকাশে বারবার বিপর্যয়

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ। তবে তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হয়। ভেঙে পড়া হেলিকপ্টারের ভিতর থেকে ছয় জনের দেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের সমস্ত হেলিকপ্টারের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চারধাম যাত্রার পথে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন নয়। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে চারধাম এলাকায় আটটি দুর্ঘটনা এবং একটি গুরুতর ঘটনার নজির রয়েছে। ২০২২ সাল থেকে প্রতি বছরই অন্তত একটি দুর্ঘটনা বা গুরুতর ঘটনা ঘটেছে। গত বছর এই এলাকায় চারটি দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্যে দু’টি ছিল প্রাণঘাতী।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This