উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে কড়াকড়ি,নয়া বিধি ঘিরে সরব বিরোধীরা

Must Read

ওয়েব ডেস্ক : হিংসাত্মক পথে সরকার পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠলে উত্তরপ্রদেশে (Uttarpradesh) সরকারি চাকরি পাওয়া কঠিন হতে পারে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়মে নতুন নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। এই নির্দেশিকায় বলা হয়েছে, হিংসার মাধ্যমে বিদ্যমান ব্যবস্থা বদলানোর উদ্দেশ্যে কাজ করা সংগঠনের সদস্য বা এমন কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের সরকারি চাকরির জন্য অযোগ্য বিবেচনা করা হতে পারে। তবে শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কোনও প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া যাবে না বলে স্পষ্ট করেছে সরকার।

এম দেবরাজ, প্রধান সচিব, নিয়োগ ও কর্মিবর্গ দফতরের জারি করা এই নির্দেশিকা এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ মেনে তৈরি হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, নিগম, পরিষদ এবং স্থানীয় সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

কোন ক্ষেত্রে অযোগ্য হতে পারেন প্রার্থী?

নির্দেশিকায় বলা হয়েছে, হিংসাত্মক পদ্ধতিতে বর্তমান ব্যবস্থা বদলানোর লক্ষ্য রয়েছে, এমন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করা হতে পারে। ২১ বছর বয়স পূর্ণ হওয়ার পর চরিত্র যাচাইয়ের আগের তিন বছরের মধ্যে এ ধরনের কার্যকলাপে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেলে, তা সংশ্লিষ্ট ব্যক্তির সক্রিয়ভাবে যুক্ত থাকার ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই সময়ের মধ্যে তাঁর আচরণে ইতিবাচক পরিবর্তনের নির্দিষ্ট প্রমাণ থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।

আরও খবর :  স্বামীকে খুনের ছক কষার অভিযোগ, স্ত্রী ও জিম প্রশিক্ষক গ্রেফতার

শুধু এফআইআর থাকলেই চাকরি বাতিল নয়

নতুন নির্দেশিকায় সরকার জানিয়েছে, কোনও প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কিংবা তদন্ত চলছে—শুধুমাত্র এই কারণে তাঁকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। মামলায় বেকসুর খালাস পাওয়া, সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হওয়া মামলা এবং কিশোর বিচার আইনের আওতাভুক্ত বিষয়েও স্বয়ংক্রিয়ভাবে অযোগ্যতা চাপানো হবে না। চরিত্র যাচাইয়ের রিপোর্ট আসতে দেরি হলেও নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে সবসময় বাধা তৈরি হবে না। প্রয়োজনীয় নথি ও প্রার্থীর স্বঘোষণাপত্র পাওয়ার পর কর্তৃপক্ষ অস্থায়ী নিয়োগপত্র দিতে পারে। তবে যাচাইয়ে প্রার্থী অযোগ্য প্রমাণিত হলে বা ভুল তথ্য দেওয়ার বিষয়টি ধরা পড়লে নিয়োগ বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হতে পারে।

বিরোধীদের সমালোচনা

নতুন নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীরের অভিযোগ, এই ধরনের নির্দেশ ঔপনিবেশিক শাসনের সময়কার মানসিকতার কথা মনে করিয়ে দেয়। তাঁর বক্তব্য, স্বাধীন ভারতে প্রতিবাদ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কংগ্রেস নেতা রশিদ আলভিও নির্দেশিকাটির সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, এ ধরনের বিষয়ে সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত কি না, যখন বিচারব্যবস্থা রয়েছে। তাঁর দাবি, তরুণ প্রজন্মের প্রতিবাদ নিয়ে সরকারের উদ্বেগ থেকেই এই পদক্ষেপ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, জেলা পুলিশ ও স্থানীয় গোয়েন্দা শাখাকে চরিত্র যাচাইয়ের অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট দিতে দেরি হলে তার উপর নজর রাখবে স্বরাষ্ট্র দফতর। যাচাইয়ের জন্য প্রার্থীর বাড়িতে গিয়ে তদন্ত করা বাধ্যতামূলক নয়। প্রার্থীর সশরীরে উপস্থিত থাকাও আবশ্যক করা হয়নি।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে যখন কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে শাসক শিবিরের রাজনৈতিক সংঘাত তুঙ্গে, ঠিক তখনই এই নির্দেশিকা সামনে এল।

Latest News

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায়...

More Articles Like This