ওয়েব ডেস্ক : ফের ভূমিকম্প তিব্বতে (Tibet)। বুধবার একাধিকবার কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। একই সময়সীমায় চীন ও আফগানিস্তানেও ভূমিকম্পের খবর সামনে এসেছে। কয়েক দিন আগে তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) ১৮ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর ফের কম্পন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নতুন করে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, ভারতীয় সময় বুধবার ভোর ৩টা ১৬ মিনিটে তিব্বতে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। একই দিন রাত ৮টা ১৬ মিনিট নাগাদ ফের কম্পন অনুভূত হয় তিব্বতে। বলে রাখা দরকার, গত বৃহস্পতিবার তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। মূল কম্পনের পরেও একাধিকবার আফটারশক অনুভূত হয়েছিল।
আরও খবর : বিমানে হামলার মুখেও সাহসিকতা, সংযুক্ত আরব আমিরশাহির সম্মান পেলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
শুধু তিব্বত নয়, আফগানিস্তানেও (Afganistan) পরপর ভূমিকম্প হয়েছে। বুধবার রাত ১টা ৪৪ মিনিটে সেখানে ৪.০ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এর উৎসস্থল ছিল ১০৩ কিলোমিটার গভীরে। বৃহস্পতিবার সকাল ৬টা ৩৯ মিনিটে আফগানিস্তানে ফের ৪.২ মাত্রার ভূমিকম্প হয়। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২২৮ কিলোমিটার নীচে। অন্যদিকে, বুধবার রাত ১১টা ১৮ মিনিটে চীনেও (China) ৪.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। তিব্বত, চীন ও আফগানিস্তানে একাধিক ভূমিকম্পের খবর মিললেও এখনও পর্যন্ত নতুন করে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি।
