ওয়েব ডেস্ক : ক্যানসারের একটি ইঞ্জেকশনের দাম মাত্র ১১ হাজার টাকা। অথচ হাসপাতালে সেই ইঞ্জেকশনের জন্য রোগীর কাছ থেকে নেওয়া হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা! ওষুধের দামে (Medicines Price) এমন আকাশছোঁয়া ফারাক নিয়ে সরব হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার মামলার শুনানিতে এই বিপুল ব্যবধানের কারণ জানতে চেয়ে কেন্দ্রকে প্রশ্ন করল বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে ওষুধের দামের ১০০ থেকে ২০০ গুণ পর্যন্ত টাকা নেওয়া যায় না।
শুনানিতে এক ক্যানসার রোগীর চিকিৎসার প্রসঙ্গ উঠে আসে। তাঁর পরিবারের তরফে জানানো হয়, ১১ হাজার টাকায় পাওয়া যায় এমন একটি কেমোথেরাপির ইঞ্জেকশনের জন্য নামী হাসপাতালে ১ লক্ষ ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। এই বিপুল দামের ব্যবধানের ব্যাখ্যা চেয়ে কেন্দ্রের উদ্দেশে আদালতের প্রশ্ন, এই অতিরিক্ত টাকা কোথায় যাচ্ছে? রোগীর জীবন যখন চিকিৎসার উপর নির্ভরশীল, তখন তাঁর পক্ষে দাম নিয়ে দর কষাকষি করাও কঠিন। সেই পরিস্থিতিতে হাসপাতালের এমন মূল্যনীতি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
আরও খবর : অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!
ওষুধের দাম নিয়ন্ত্রণের সরকারি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ড্রাগস প্রাইসেস কন্ট্রোল অর্ডার, ২০১৩ অনুযায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণের কাঠামো থাকলেও বহু ওষুধ সেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আদালতের প্রশ্ন, যে ওষুধের সর্বোচ্চ খুচরো দাম ১০০ টাকা, তা খুচরো বিক্রেতাদের কাছে ১০ বা ২০ টাকায় বিক্রি হওয়ার কারণ কী? এই ব্যবধানের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ।
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, বিশ্বের বহু দেশের তুলনায় ভারতে ওষুধের দাম কম। ওষুধশিল্পের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করলেই সমস্যার সমাধান হবে না বলেও যুক্তি দেন তিনি। তবে আদালতের বক্তব্য, ১১ হাজার টাকার ওষুধের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়ার ব্যাখ্যা এই যুক্তিতে মিলছে না। ক্যানসারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার ঊর্ধ্বসীমা ৩০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিতে কেন্দ্রের এত সময় লাগল কেন, সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানিয়েছে, এই সীমা সর্বোচ্চ খুচরো মূল্যের উপর প্রযোজ্য, খুচরো বিক্রেতারা যে দামে ওষুধ কেনেন, তার উপর নয়।
বেসরকারি হাসপাতালের হয়ে সওয়াল করে আইনজীবী মুকুল রোহতগি বলেন, হাসপাতাল চালাতে কর্মী, পরিকাঠামো ও সার্বক্ষণিক পরিষেবার খরচ রয়েছে। বাইরে থেকে আনা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নকল ওষুধের আশঙ্কাও থাকে বলে তিনি জানান। যদিও আদালতের বক্তব্য, হাসপাতালের পরিচালন খরচের যুক্তি দিয়ে ওষুধের দামের তুলনায় বহুগুণ বেশি টাকা নেওয়াকে ন্যায্যতা দেওয়া যায় না। তবে আদালত সেই যুক্তি মানতে নারাজ। ওষুধের মূল্য নির্ধারণ ও জেনেরিক ওষুধের ব্যবহার নিয়ে দায়ের করা দুটি আবেদনের শুনানি শেষে রায় সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট।
